সু.খবর ডেস্ক
আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ে ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের আমদানিকারকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ট্যারিফ কমিশন এবং টিসিবির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ও খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে। আরও পণ্য দেশে আসার পথে। তাই রমজানে এগুলোর মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তিনি বলেন, অতীতে তাঁর মন্ত্রী হওয়ার পর থেকে রমজান মাসে ব্যবসায়ীরা যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাঁদের একই রকম ভূমিকা এবারও আশা করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেবে।
প্রারম্ভিক বক্তব্য দিয়ে মন্ত্রী চলে যাওয়ার পর কথা বলেন এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহাম্মদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি কাজী আনোয়ার হোসেন, এসএস গ্রুপের ব্যবস্থাপক রাসেল হোসাইন, বাংলাদেশ লবণ মিলস মালিক সমিতির সহসভাপতি মোসতাক হায়দার চৌধুরী, টিকে গ্রুপের মহাব্যবস্থাপক শফিউল আহমদ তছলিম, মেঘনা গ্রুপের উপদেষ্টা এম এইচ মুন্সী।
ব্যবসায়ীরা বলেন, রমজান মাসে কোনো পণ্যের সংকট থাকবে না, দামও বাড়বে না। তাঁরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করে যাবেন।
ব্যবসায়ীরা কীভাবে সরকারকে সহযোগিতা করবে—সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে বাণিজ্যসচিব ব্যবসায়ীদেরই সেই জবাব দিতে বলেন। ব্যবসায়ী বলেন, তাঁরা ঠিকমতো পণ্য আমদানি করছেন, সরবরাহ ঠিক করছেন এবং বাজারজাত করছেন।
- অবিলম্বে নৌযান শ্রমিক মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবি মেনে নেওয়ার আহবান মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের
- শাস্তি না হওয়ায় একের পর এক শিক্ষক খুন: বিএনপি


