স্টাফ রিপোর্টার
পৌর শহরে রাতে ট্রাক চলাচলের কারণে সড়কের পাশের বিভিন্ন এলাকার বৈদ্যুতিক তার ছিঁড়ে যাচ্ছে। গেল কয়েকদিন ধরে রাত ৮ টার পর থেকে বড় বড় ট্রাক বিভিন্ন মালামাল নিয়ে পৌর শহরের এলাকাগুলোতে ঢুকে বৈদ্যুাতিক তারগুলো ছিঁড়ে দিচ্ছে। এতে যে কোন সময় বড় ধরনের দুঘর্টনা আশঙ্কার পাশাপাশি কর্তৃপক্ষের কার্যকারী উদ্যোগ না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। এদিকে এটি একা পৌরসভার কাজ না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছেন পৌর মেয়র।
গেল কয়েকদিন ধরে সুনামগঞ্জ পৌর শহরের ঘোলঘর, ধোপাখালি, নবীনগর, আলীপাড়া, কাজির পয়েন্ট, মোহাম্মদপুর এলাকায় রাতে বড় বড় ট্রাক ঢুকে সড়কের পাশাপাশি ক্ষতি করছে বৈদ্যুাতিক তারের। এসব তারগুলো ছিঁড়ে রাস্তার পাশে ঝুলে রয়েছে। রাতে ট্রাকে করে বিভিন্ন ‘স’ মিলের বড় গাছ বা আসবাপত্র নিয়ে চলাচলের সময় ছিঁড়ে যাচ্ছে এসকল বৈদ্যুাতিক তার।
জানা যায়, সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত সাবেক মেয়র আয়ূব বখত জগলুল শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ট্রাক বা ভারি যানবাহন সহজে যাতে না ঢুকতে পারে সেজন্য কয়েকটি গেট করে দিয়েছিলেন। এটি ট্রাকের চালক ও কর্মচারীরা তা ভেঙে দিয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
পৌর শহরের আলীপাড়া এলাকার বাসিন্দা নাহিন হক বলেন, রাতে আমাদের এলাকায় ট্রাক প্রবেশ করে কারেন্টের তার সব ছিঁড়ে দিচ্ছে। ট্রাকগুলো বড় গাছ নিয়ে বিভিন্ন মিলে যাওয়ার সময় আমাদের এলাকার বৈদ্যুতিক তার ছিঁড়ে দিয়ে যায়।
ষোলঘর এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান তারেক বলেন, প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল বড় ট্রাকগুলো যেনো শহরে প্রবেশ না করতে পারে সেজন্য কয়েকটি লোহার গেট দিয়েছিলেন, যা বর্তমানে নেই। এগুলো না থাকায় রাতে বড় ভারি ট্রাকগুলো পৌর শহরের বিভিন্ন এলাকায় ঢুকে বৈদ্যুতিক তারগুলো ছিঁড়ে যাচ্ছে। রাস্তায় তারগুলো ঝুলন্ত অবস্থায় থাকে যার এতে দুঘর্টনার সম্ভাবনা রয়েছে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, বড় ভাই প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল ট্রাকগুলো শহরে প্রবেশ না করার জন্য যে গেটগুলো দিয়েছেন এইগুলো সাধারণ মানুষই খুলে দিয়েছে। দিনের বেলা ওয়েজখালী এলাকায় বড় ট্রাকগুলো বাধা দেওয়া হলেও রাতে বেলা দেয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন যদি আমাকে সহায়তা না করেন তাহলে আমি সকল পৌরবাসীকে নিয়ে আন্দোলন করব।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা পৌরসভাকে শতভাগ সহায়তা করবো। আমরা নাগরিক সেবা দিতে প্রস্তুত।


