স্টাফ রিপোটর
সুনামগঞ্জ ঢাকা মহাসড়কে একেক পরিবহনে একেক রকম ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পরিবহন ভেদে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছেন, সরকারের ভাড়া বৃদ্ধির পরিমাণ থেকে তারা কম বাড়িয়েছেন। তবে ঢাকা থেকে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত কাগজ পেলে আরও বাড়ানো হতে পারে।
এদিকে সুনামগঞ্জ থেকে সিলেট পর্যন্ত আগের ১০০ টাকা ভাড়ার জায়গায় সোমবার ১২০ টাকা করে নেয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
সোমবার শ্যামলী পরিবহনের কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, তারা সিট প্রতি ৫০ টাকা করে ভাড়া বৃদ্ধি করেছেন। সুনামগঞ্জ থেকে ঢাকার আগের ভাড়া ছিলো ৫৫০ টাকা। এখন ৫০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করেছেন।
মামুন পরিবহনে আগে ভাড়া ছিল ৫০০ টাকা। এখন করা হয়েছে ৬০০ টাকা। তারা বাড়িয়েছেন ১০০ টাকা। এদিকে আগে সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের ভাড়া ছিলো ৮০০ টাকা। এখন তা ১০০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে।
তবে এনা পরিবহনে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে ৮০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। চট্টগ্রামের টিকিট প্রতি বৃদ্ধি করা হয়েছে ১০০ টাকা। এ পরিবহনের সুনামগঞ্জ থেকে ঢাকার ভাড়া ছিলো ৫৫০ ও চট্টগ্রামের ভাড়া ছিলো ৮০০ টাকা।
এছাড়াও ঢাকাগামী অন্যান্য বাসের ভাড়া বৃদ্ধি করে সাড়ে তিন শ’ থেকে চার শ’ টাকা করা হয়েছে।
মামুন পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার রিদন বলেন, আমাদের আগে সুনামগঞ্জ থেকে ঢাকার ভাড়া ছিলো সাড়ে পাঁচশ টাকা। যদিও আমরা যাত্রীদের কাছ থেকে ৫০০ করে রাখতাম। গতকাল আমাদের ঢাকা থেকে জানানো হয়েছে ৬০০ টাকা করে রাখতে। চট্টগ্রামের ভাড়া ৮০০ থেকে ৯০০ টাকা করার জন্য আমাদের ঢাকা থেকে বলা হয়েছে।
এনা পরিবহন টিকিট কাউন্টারের ম্যানেজার মো. সাজু বলেন, ঢাকার ভাড়া আমরা ৮০ টাকা ও চট্টগ্রামের ১০০ টাকা করে বৃদ্ধি করেছি। সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী ভাড়া বৃদ্ধি করলে আরও বেশি হবে। তবে ঢাকা অফিস থেকে ভাড়া বাড়ানোর কাগজ আসলে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে জেলার অভ্যন্তরের চলাচল করা সিএনজি লেগুনার ভাড়া সোমবার পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
সিএনজি ও লেগুনার বাড়া বৃদ্ধি করা হবে না জানিয়ে জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও টেক্সিকার ড্রাইভার সমিতির সভাপতি আসকর আলী বলেন, আমরা গতকাল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হবে না। কারণ সরকার কেরোসিন ও ডিজেলের দাম বাড়িয়েছে। আমাদের পরিবহনগুলো চলে গ্যাস দিয়ে। তাই সবাইকে জানিয়ে দিয়েছি পূর্বের ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করার জন্য।
- দোয়ারাবাজারে শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন আমেজ
- নির্বাচনের ৩০ ঘন্টা আগে দু’সদস্য প্রার্থী পেয়েছেন নির্বাচনী প্রতীক


