স্টাফ রিপোর্টার
শহরের রাজগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভার মাঝ দিয়ে উত্তর-দক্ষিণের আসা যাওয়ার রাস্তায় পানি জমে থাকায় নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন পথচারীরা। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তার উন্নয়ন না থাকায় পানি জমে থাকায় দুর্ভোগের শিকার হন পথচারীরা।
শহরবাসীর চলাচলের অন্যতম রাস্তা হিসাবে এটি ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। কিন্তু সম্প্রতি এই রাস্তা মানুষের
চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় সব সময় পানি জমে থাকার কারণে পথচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিদের চলাচলে মারাত্মক সমস্যায় হচ্ছে।
এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদে চলাচলের জন্য ঈদগাহ ও রাজগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানের পরিত্যক্ত ও অবহেলিত রাস্তাটি জাদুঘরের নিরাপত্তা এবং নানা রকম অপরাধ কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে বন্ধ করা হয়েছে। এই রাস্তাটিও নিচু থাকায় সব সময় পানি জমে থাকতো। জরুরি ভিত্তিতে এই দুটি রাস্তার সংস্কার কাজের জন্য দাবি জানান সর্বস্তরের মানুষজন।
পথচারী আব্দুশ শহীদ বলেন, ‘আমরা এই নোংরা পানিতে পা ভিজিয়ে চলাফেরা করি। এতে পায়ে চর্মরোগ দেখা দিয়েছে।’
শিক্ষার্থীর অভিভাবক গাজী রহমান বলেন,‘এই রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকে। এতে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পানিতে পা ভিজিয়ে চলা ফেরা করে। এতে রোগের সৃষ্টি হয়।’
মসজিদের মুসল্লি মুক্তার আলী বলেন,‘এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই রাস্তায় এতো পানি জমে থাকে লুঙ্গি তোলে হাঁটলে অজু থাকে না। এই রাস্তা ছাড়া মসজিদে প্রবেশের কোনো বিকল্প রাস্তাও নেই। একটি অস্থায়ী রাস্তা আছে জাদুঘরের ভেতর দিয়ে। রাস্তার উন্নয়ন জরুরি প্রয়োজন।’
৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ বলেন,‘রাজগোবিন্দ স্কুলের পাশের এবং ঈদগাহের পাশের এই দুই রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। তাই রাস্তায় পানি জমে থাকে। আমি আগামী সপ্তাহে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো।’


