রিজার্ভ চুরি ক্যাসিনোর সম্পদ জব্দে ফিলিপাইনে মামলা হচ্ছে

সু.খবর ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া পুরো অর্থ আদায়ে সন্দেহভাজন ক্যাসিনো ও জাংকেট অপারেটরদের সম্পদ বাজেয়াপ্ত করতে ফিলিপাইনে মামলা করার উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী সপ্তাহে এই মামলা করবে মুদ্রা পাচার প্রতিরোধ কর্তৃপক্ষ (এএমএলসি)।
মঙ্গলবার সিনেটের শুনানিতে এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে-আবাদ এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই আবেদনের জন্য প্রস্তুতি নিয়েছি। আশা করছি আগামী সপ্তাহেই এই (বেসামরিক সম্পদ বাজেয়াপ্তকরণ) মামলা করতে পারব।’
ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে ফিলিপাইনের রিজল কর্মাশিয়াল ব্যাংক পাঠানো হয়।
ওই ব্যাংকের চারটি অ্যাকাউন্ট থেকে এসব অর্থ ক্যাসিনোর জুয়ার টেবিলে হাতবদল হয়ে ফিলিপাইনের মুদ্রা ব্যবস্থায় মিশে যায়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পেছনে চীনা বংশোদ্ভূত ক্যাসিনো ব্যবসায়ী ও জাংকেট অপারেটর কিম অংকেই মূল ব্যক্তি বলে সন্দেহ করা হচ্ছে।
ইতোমধ্যে দুই দফায় ৫৪ লাখ ৬০ হাজার ডলার ফেরত দেন কিম অং। আজকে সিনেট শুনানিতে আরও ৯৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফেরত দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
তবে এই অর্থ বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজে নামে দুই ক্যাসিনো ব্যবসায়ী ফিলিপাইনে নিয়ে যায় বলে সিনেট কমিটির শুনানিতে দাবি করে আসছেন কিম অং।
এদিকে লোপাট ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে প্রায় অর্ধেক অর্থ এখনও ফিলিপাইনে রয়েছে জানিয়ে তা বাংলাদেশকে ফেরত দেয়া সম্ভব বলে জানিয়েছেন দেশটির সিনেটর রালফ রেক্তো।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ফিলিপাইনে যায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ফিলিপাইন থেকে এখন পর্যন্ত উদ্ধার হলো প্রায় সাড়ে ৫৪ লাখ ডলার।
আর বাকি দুই কোটি ডলার যায় শ্রীলংকায়। শ্রীলংকায় যাওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেয়া হয়েছে।