রিলিফের দুম্বার মাংস নিয়ে হৈ-চৈ আত্মসাতের অভিযোগ অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার ও ইয়াকুব শাহরিয়ার
জেলার বিভিন্ন এলাকায় রিলিফের দুম্বার মাংস নিয়ে হৈ-চৈ শুরু হয়েছে। কোন কোন এলাকায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুম্বার মাংস আত্মসাতের অভিযোগও ওঠেছে। জেলার জাউয়াবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়– মিছিল হয়েছে। পূর্ব পাগলায় ইউপি চেয়ারম্যান বিক্ষুব্ধ মানুষজনের কাছে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন। দরগাপাশা ইউনিয়নেও দুম্বার মাংস বিতরণে অনিয়মের অভিযোগ ওঠেছে। শাল্লা উপজেলার ৪ ইউনিয়নেই দরিদ্রদের কাছে দুম্বার মাংস না পৌঁছার অভিযোগ ওঠেছে।
জানা যায়, জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারে রিলিফের দুম্বার মাংস আত্মসাতের অভিযোগে সোমবার সকালে বিক্ষুব্ধরা ঝাড়– মিছিল করেছে।
অবশ্য.জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন বলেছেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল নানা তৎপরতায় লিপ্ত হয়েছে। এসব অভিযোগ মিথ্যা’। তিনি ইউনিয়নবাসীকে এসব তৎপরতায় বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে মঙ্গলবার দুম্বার মাংস কেলেংকারীর কারণে ইউনিয়নের দুস্থ মানুষজন মিছিল করতে চেয়েছিল। পরে ইউপি চেয়ারম্যান ভুল স্বীকার করায় পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি  চেয়ারম্যান আক্তার হোসেনের মুঠোফোনে চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। এই ইউনিয়নের ইউপি সদস্য সোহরাব আলী বলেন, ‘দুম্বার মাংস না পেয়ে মানুষ হৈচৈ করেছে। ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ক্ষমা চাওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে।’
একই উপজেলার দরগাপাশায়ও দুম্বার মাংস বিতরণ নিয়ে বিক্ষুব্ধ হয়েছেন স্থানীয়    দরিদ্র বাসিন্দারা। বিক্ষুব্ধরা মঙ্গলবার ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এই ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন বলেন,‘আমার ইউনিয়নে স্বচ্ছভাবে দুম্বার মাংস বিতরণ হয়েছে। আমার কাছে রেকর্ড রয়েছে’।
সুনামগঞ্জের শাল্লার ৪ ইউনিয়নেই দুম্বার মাংস সঠিকভাবে পৌঁছায়নি বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার আনন্দপুর গ্রামের বাবুল মিয়া ও শরিফ উল্লা বলেছেন,‘দরিদ্ররা দুম্বার মাংস পেয়েছে বলে জানি না। শুনেছি শাল্লা আসার আগে জয়পুর নামক স্থানেই মাংস ভাগাভাগি হয়ে গেছে।’
শাল্লার গণমাধ্যমকর্মী পিসি দাস এই অবস্থার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খানকেও দোষারোপ করেন।
শাল্লার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান অভিযোগ প্রসঙ্গে বলেন,‘ইউপি চেয়ারম্যানরা ৫-৬ কার্টুন করে মাংস পেয়েছেন। তারা ইউপি সদস্যদেরও দিয়েছেন। সকল গরিব মানুষদের দেওয়ার মতো মাংস পাওয়া যায়নি। এজন্য মসজিদ-মাদ্রাসা এতিম খানায় দেওয়ার জন্য বলা হয়েছে। অনিয়ম হওয়ার কোন অভিযোগ আমরা পাইনি’।