লজ্জাতুর নম্র সকাল

কুমার সৌরভ

এই রাঙা প্রাতের সূর্য দেখো কী করুণ বিলাপ করে চলেছে
একটানা… অবিরত…
দুপুরের তপ্ত পথ গতকাল বলেছিলো-
ভালোবেসে হাত ধরো প্রগাঢ় বিশ্বাসে
আজকের নম্র লাজুক সকালটি তা ভুলে গেছে।
ছড়িয়ে ফেলা পচা টমেটোর মতো
আমরা এখানে ওখানে গড়াগড়ি খাই
বর্জ্যগন্ধ আর জীবাণু ছড়াই,
আমাদের কণ্ঠ থেকে কোরাস উধাও
আমরা গেয়ে চলেছি বিচ্ছিন্নতার ব্যক্তিগত সংগীত।
আকাশ বিহারী পাখিরা নিচে দেখে
এক অন্য ভূ-ভাগ
যেখানে শস্যদানারাও একে অপরকে বলছেÑ
তফাত তফাত…।
এই দেখে পাখিদের চরণ নামে না
এই পুন্যবতী মাটির দেশে।
২৫.০৩.২০২১