ডা. মুরশেদ আলম
তোমরা শোনাও শৌর্যবীর্যের সেই কথকতা
লাখো শহীদের রক্তের দামে
পেয়েছি যে স্বাধীনতা।
একাত্তরের সেই ভয়াল রাতে
ঘাতকেরা বুলেট চালালো
নিরীহ বাঙালির বুকে
ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে
ক্ষতবিক্ষত করলো, আমাদের হৃদপিন্ড,
নৃশংস মৃত্যু হলো কত লক্ষ প্রাণের,
কি নির্মম, কি বীভৎস, কি নৃসংশতা
হে- স্বাধীনতা, তুমি আমার সেই
লক্ষ শহীদের অগ্নিচিতা।
রক্ত পিপাসু দানবের হাত
প্রসারিত হলো শহর থেকে গ্রামান্তরে-
হায়নার দল জ্বালিয়ে দিলো
মুক্তিকামী বাঙালির সুখের আশ্রয়,
জরায়ুর অনাগত প্রতিবাদী
শিশুর ভবিষ্যৎ,
পৈশাচিক উল্লাসে লুটে নিলো
কুমারী বোনের পবিত্রতা,
স্বাধীনতা, তুমি যে আমার
ধর্ষিতা বোনের রক্তে ভেজা জমিনে-
লাল সবুজের চিরভাস্বর
এক স্মৃতির পতাকা ।
স্বাধীনতা, রক্ত দিয়ে কেনা-
আমার প্রিয় স্বাধীনতা।


