আলী আহমদ, জগন্নাথপুর
যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাবাসী। প্রায় প্রতিদিন করোনায় প্রিয়জন হারানোর সংবাদে দেশে থাকা স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। মসজিদ ও মন্দিরে তাদের সুস্থতা কামনা করে চলছে বিশেষ প্রার্থনা। উপজেলাবাসী ও যুক্তরাজ্যে বসবাসকারী জগন্নাথপুর উপজেলার কমিউনিটি নেতারা জানান, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক লোক যুক্তরাজ্য প্রবাসী। করোনার দ্বিতীয় ধাক্কায় বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে মৃত্যুর হার কম হলেও যুক্তরাজ্যে ভয়াবহ পরিস্থিতির দেখা দিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর মিছিলে জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের সংখ্যাও কম নয়।
জগন্নাথপুর উপজেলার সন্তান যুক্তরাজ্যে বাংলা মিরর পত্রিকার সম্পাদক আব্দুল করিম গণি জানান, যুক্তরাজ্যে করোনা পরিস্থিতিতে আমরা ভালো নেই। ঘরে ঘরে আক্রান্ত। প্রতিদিন আমাদের পরিচিত ও প্রিয়জনের মৃত্যুর মিছিল আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির বলেন, বাঙালি কমিউনিটিতে প্রতিদিন মৃত্যুর মিছিলের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। প্রিয়জনের অকাল মৃত্যুতে আমরা শোকাহত হয়ে পড়েছি।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, জগন্নাথপুর উপজেলার অধিকাংশ পরিবারের সদস্য লন্ডন রয়েছেন। করোনা পরিস্থিতিতে ঘরে ঘরে আক্রান্ত হওয়ায় রেমিট্যান্সের ওপরও প্রভাব পড়েছেন। তিনি বলেন, আমরা লন্ডনের স্বজনদের নিয়ে চিন্তিত। তাদের আশু সুস্থতা কামনা করে মসজিদ ও মন্দিরে আমরা প্রার্থনা করছি।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্যে জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের দুই আপন ভাই ১০ ঘন্টার ব্যবধানে করোনায় প্রাণ হারান। এক মাসের কম সময়ে জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার বাবা-ছেলে মারা গেছে করোনায়। এছাড়াও জগন্নাথপুরে শেরপুর এলাকা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন।


