সু.খবর ডেস্ক
তথ্যসচিব মরতুজা আহমদ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক খবর আরো বেশি করে জনসম্মুখে তুলে ধরার জন্য প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্য সফরে সেখানকার ঐতিহ্যবাহী বাংলা পত্রিকা ‘জনমত’ এর অফিস পরিদর্শনকালে ব্রিটিশ-বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ আহবান জানান। এ সময় প্রেস মিনিস্টার নাদিম কাদিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের বিভিন্ন সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে সকল ক্ষেত্রে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বলে তথ্যসচিব উল্লেখ করেন।
তথ্যসচিব লন্ডনস্থ বিবিসি’র দাপ্তরিক অফিসও পরিদর্শন করেন। এ সময় তিনি বিবিসি’র এশিয়া হেড জুলিয়ান লটির সাথে মতবিনিময় করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত
ভিশন-২০২১ এবং ২০৪১ সম্পর্কে বিবিসিতে প্রচারের বিষয়ে অনুরোধ জানান। পরে তিনি বিবিসি বাংলা সার্ভিসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বিবিসি বাংলা তার সাক্ষাৎকার গ্রহণ করে।
‘আমার জন্মভূমি প্রকল্পটি’ ব্রিটিশ-বাংলাদেশি সাংবাদিকদের জন্য মাতৃভূমির সাথে সেতুবন্ধ হিসেবে কাজ করবে উল্লেখ করে তথ্যসচিব মাতৃভূমির সাথে ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিকদের সেতুবন্ধন সুদৃঢ় করতে ‘আমার জন্মভূমি’ প্রকল্পটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ঘোষণা দেন।
প্রকল্পটির গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেয়ার কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, ২০১৬ সালে ‘আমার জন্মভূমি’ প্রকল্পটি চালু হয়।
এছাড়া লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন তথ্যসচিবের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি প্রেস উইং পরিদর্শন করেন এবং উইংয়ের কার্যক্রম প্রত্যক্ষ করেন।


