লাগাম

রোকেস লেইস
সময় এখন দূরন্ত দ্রুতলয়
এতোটাই উড়ো উড়ো উন্মাতাল
বাজ পাখির আদলে বাতাস কাটে
অবারিত ছলছল ঝরণা হয়
গতির উন্মত্ততায় আছড়ে পড়ে
টর্নেডো হয় সুনামি হয়
তেড়েফুড়ে দুমড়ে মুচড়ে
প্রচ- তোলপাড়, নিমিষে সব একাকার।

মুনি ঋষির ধীরতা প্রাজ্ঞতা আজ
গবেষণার আতশী কাঁচের নীচে
একাগ্রতায় নিমগ্নতায়
পরখ করেও মিলে না এক রত্তি;
শতভাগ নিশ্চিত, হয়ে গেছে বিলীন
নয়তো টন টন বরফ চাপায় জমে হিম,
অন্তত অগ্রপশ্চাৎ ভেবে নেয়ার মতো
কেউ একজন, তাও নেই শত বা হাজারে।

যেনো অবলীলায় সকলেই সর্ব জ্ঞানে তুখোর
বিদ্যুৎ চমকের চেয়েও চঞ্চলতায় মতামত
বর্ষণ; বক্তৃতা বিষে কর্ণকুহর জরজর,
হে প্রভু, জগতের সকল চাপা-চর্চার
অনুর্বর মেধায় কুদরতি লাগাম জুড়ে দাও।
                                                                         ১১১১১৬