লোক দেখানো কাজ হচ্ছে

স্টাফ রির্পোটার
কাজের বরাদ্দ অনুপাতে উন্নয়ন হচ্ছে না সদর উপজেলার সুরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। নামমাত্র লোক দেখানো করা হচ্ছে গ্রামীণ রাস্তায়। কাজ তদারকিতে  কর্তৃপক্ষের   দায়িত্বহীনতা চোখে পড়ার মত। ইউনিয়নের অক্ষয়নগর ও সদরগরে কাবিখার ২ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দে রাস্তায় মাটি ফেলার কাজ চলছে।   জানা যায়, সভাপতি ইউনুস মেম্বার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সমন্বয়ে গঠিত একটি পিআইসি কাজটি বাস্তবায়ন করছেন। স্থানীয়রা  কাজের মান নিয়ে সন্তুষ্ট না হলেও ইউপি সদস্যরা কাজকে শত ভাগ পাক্কা বলে চ্যালেঞ্জ ছুড়ছেন। তবে কাজের মান সরেজমিনে দেখে বিল পাস করা হবে বলে জানিয়েজেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
অক্ষয়নগর গ্রামের লোকজনের দাবি ১০ থেকে ১২ জন লোকের দ্বারা ১১ দিন কাজ করে রাস্তার উপরে লামছাম মাটি ফেলা হয়েছে। কাজের মান অত্যন্ত খারাপ। পুরাতন সড়কে ১ ফুট থেকে দেড় ফুট উচ্চতায় মাটি ফেলা হয়েছে ।  যা ভারী বৃষ্টিপাতে ধুয়ে যেতে পারে। আর বর্ষায় তো কথায় নেই। সদরগরের উন্নয়ন কাজের একই অবস্থা। কাজের এমন দশায় স্থানীদের  মধ্যে ক্ষোভ দেখা গেছে।
নাম প্রাকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সপ্তাহ দশদিন কাজ করা হয়েছে। লামছাম মাটি ফালাইয়া রাস্তার করা অইছে ।  কয়েকদিন গেলেই রাস্তার অবস্থা যেমন আছিল তেমনি অইযাইব। ইতা কামের চেয়ে না অওয়া আরো ভালা। কাম দেখাইয়া পেট ভরে মেম্বাররার।
কাজ বিষয়ে ইউপি সদস্য  আব্দুর রহমান বলেন,আমি দশবছর ইউপি সদস্য ছিলাম। আমি এলাকার উন্নয়নে বহু কাজ করছি। এ কাজও শতভাগ করছি। তবে কাজের মান নিয়ে কথা হলে তিনি বলেন,আমার অফিসে আসেন চা খাওয়ার দাওয়াত আপনাকে।
এদিকে ইউনিয়নে দারিদ্র বিমোচন কর্মসুচীর আওতায় বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে। কাজের মেয়াদ ৪১ দিন হলেও  ১০/১৫ দিন করেই প্রকল্প শেষ কওে ফেলেছেন অনেকে। কাজে স্থানীয়দের সম্পৃক্ত করে কাজের    বিনিময়ে পারিশ্রমিক দেয়ার কথা থাকলেও কাজ করাচ্ছেন ভাড়াটে শ্রমিকরা। মহিলা মেম্বার সাজিয়া, আব্দুল হাই,  আব্দুল আজিজসহ একাধিক ইউপি সদস্যের কাজে গলদ রয়েছে বলে জানা গেছে।
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সত্তার (ডিলার) বলেন, মেম্বাররা এখনও বিল পায়নি। কাজ এখনও শেষ হয়নি।  মানসম্মত কাজের জন্যে আমি মেম্বারদের তাগাদা দিচ্ছি। তবে যতটুকু কাজ দেখেছি, কাজ ভালই হয়েছে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া বলেন, একসাথে সারা উপজেলায় উন্নয়ন কাজ হচ্ছে। তাই সব কাজ দেখা আমাদের  দ্বারা সম্ভব হয় না। এখনও কোন কাজের বিল দেয়া হয় নাই। কাজ দেখে বিল দেয়া হবে।