সু.খবর ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাট করার সময় তাসকিন আহমেদের বলে আঘাত পেয়ে আহত জাতীয় দলের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ শঙ্কামুক্ত আছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। শনিবার সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাথার নিচের অংশে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের এই ক্রিকেটার। পরে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
তবে সুখবর হচ্ছে বড় কোনো সমস্যা হয়নি তার, এমনটাই জানিয়েছে বিসিবি। এদিন দলের বিপর্যয়ে নেমে হাল ধরেন শুভ। ভালোই ব্যাট করে যাচ্ছিলেন। কিন্তু তাসকিনের করা ইনিংসের ২৫তম ওভারে ঘটে দুর্ঘটনা।
তাসকিনের গতিসম্পন্ন বাউন্সার আঘাত হানে এ বাঁহাতি ব্যাটসম্যানের হেলমেটের ঠিক নিচে ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গে উইকেটে লুটিয়ে পড়েন সোহরাওয়ার্দী শুভ। এর পর স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে আসা হয়।


