বিশেষ প্রতিনিধি
জেলার ১২ টি হাওর রক্ষা বাঁধে এখনো কাজই শুরু হয়নি। এই তথ্য সুনামগঞ্জ পাউবো কর্তৃপক্ষের। অবশ্য. জেলার বিভিন্ন অঞ্চলের একেবারেই কাজ শুরু হয়নি, এমন বাঁধের সংখ্যা আরো অনেক বেশি দাবি কৃষক সংগঠকদের। এই অবস্থায় ভারী বৃষ্টি কিংবা পাহাড়ী ঢল হলে এই হাওরগুলোর ফসল রক্ষা হবার কোন ব্যবস্থা নেই। সোমবার বিকালে পাউবো’র পক্ষ থেকে এসব বাঁধের ঠিকাদারকে চিঠি দিয়ে বলা হয়েছে,‘অতিসত্বর কাজ শুরু করে ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক কাজ সম্পন্ন না করা হলে দরপত্রের শর্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ঠিকাদারদের উদ্দেশ্যে দেওয়া পাউবো’র এই চিঠির অনুলিপি পাউবো’র প্রধান প্রকৌশলী, পাউবো’র সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলী, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
কাজ শুরু না হওয়া এই হাওর রক্ষা বাঁধগুলো হচ্ছে- ধর্মপাশা উপজেলার গোড়াডোবা হাওর রক্ষা বাঁধ, এই হাওর রক্ষা বাঁধে বরাদ্দ ৩৮ লাখ ৩৫ হাজার টাকা, এই বাঁধের কাজের ঠিকাদার মেসার্স সুয়েব এন্টারপ্রাইজ। তাহিরপুরের মাটিয়ান হাওর রক্ষা বাঁধ, এই হাওর রক্ষা বাঁধে বরাদ্দ ২৪ লাখ ৬৬ হাজার টাকা, এই বাঁধের কাজের ঠিকাদার মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ। জামালগঞ্জের হালির হাওর রক্ষা বাঁধ, এই বাঁধের কাজে বরাদ্দ ৩৩ লাখ ২ হাজার টাকা, ঠিকাদার মেসার্স হান্নান এন্টারপ্রাইজ। দিরাইয়ের টাঙ্গুয়ার হাওর রক্ষা বাঁধ, এই বাঁধের কাজে বরাদ্দ ৩৫ লাখ ১৯ হাজার টাকা, ঠিকাদার মেসার্স মাহিন কন্সট্রাকসন। দিরাইয়ের টাঙ্গুয়ার হাওরের আরেকটি বাঁধ, বরাদ্দ ৮৪ লাখ ১০ হাজার টাকা, ঠিকাদার খন্দোকার
শাহীন আহমদ। দক্ষিণ সুনামগঞ্জের খাই হাওর রক্ষা বাঁধ, বরাদ্দ ২২ লাখ ৪৫ হাজার টাকা, ঠিকাদার খন্দকার শাহীন আহমদ। দোয়ারাবাজারের নাইন্দার হাওর রক্ষা বাঁধ, বরাদ্দ এক কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকা, ঠিকাদার খন্দকার শাহীন আহমদ। দোয়ারাবাজারের নাইন্দার হাওর রক্ষা বাঁধ, বরাদ্দ ৯৯ লাখ ৬৪ হাজার টাকা, ঠিকাদার খন্দাকার শাহীন আহমদ। শাল্লার ছায়ার হাওর রক্ষা বাঁধ, বরাদ্দ ৪০ লাখ ১৮ হাজার টাকা, ঠিকাদার মো. রেনু মিয়া। শাল্লার ছায়ার হাওর রক্ষা বাঁধ, বরাদ্দ ৩৯ লাখ ৪০ হাজার টাকা, ঠিকাদার কাজী নাসিম উদ্দিন। ছায়ার হাওর রক্ষা বাঁধ, বরাদ্দ ৩৮ লাখ ৪৭ হাজার টাকা, ঠিকাদার মেসার্স বোনাস ইন্টারন্যাশনাল। ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর, বরাদ্দ ৪০ লাখ ৫৫ হাজার টাকা, ঠিকাদার টেকবাই ইন্টারন্যাশনাল।
জেলা সিপিবি’র সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার বলেন, ‘১২ টি বাঁধে কেবল কাজ শুরু হয়নি, এমন তথ্য সঠিক নয়। বিভিন্ন হাওর থেকে কৃষকরা যে তথ্য জানিয়েছেন, তাতে এই সংখ্যা আরো অনেক বেশি হবে’।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আফছর উদ্দিন ১২ টি বাঁধে কাজ শুরু হয়নি স্বীকার করে বলেছেন, ‘৩১ মার্চের মধ্যে কাজ শেষ করার বিষয়টি চুক্তিপত্রে রয়েছে। কাজ অবিলম্বে শুরু এবং যথাসময়ে শেষ না করলে শর্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ঠিকাদারদের সোমবার চিঠি দেওয়া হয়েছে।’


