সু.খবর ডেস্ক
শততম টেস্টের প্রথম দিনটি নিজেদেরই করে রাখল টাইগাররা। দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা ৮৩ দশমিক ১ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৩৮ রান। আলোক স্বল্পতায় ৬ দশমিক ৫ ওভার আগেই দিনের খেলা শেষ করেন আম্পায়ারা।
প্রথম সেশনটা অসাধারণ কাটায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগেই ৭০ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় সেশনেও চলে মুস্তাফিজ-মিরাজ-সাকিব-তাইজুলদের দাপট। চা-বিরতির আগে ৫ উইকেটে ১৪৯ রান তোলে স্বাগতিকরা।
প্রথম দিনে সবশেষ লঙ্কান ব্যাটসম্যান হিসেবে ফিরেন দিলরুয়ান পেরেরা (৯)। ইনিংসের ৬৫তম ওভারে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় শিকার হন তিনি।
টস হেরে বুধবার ঐতিহাসিক এই টেস্টে ফিল্ডিংয়ে নামে মুশফিক-সাকিবরা। প্রথম সেশনে কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। বাকি দুই উইকেট ভাগাভাগি করেন মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়।
কলম্বোর পি সারা ওভালে সিরিজে ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ‘ফিজ’। নবম ওভারে দিমুথ করুণারত্নেকে মিরাজের তালুবন্দি করেন ‘কাটার মাস্টার’।
এরপর নিজের তৃতীয় ও পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন মিরাজ। ইনিংসের ১২তম ওভারে মিরাজের বলে কুশল মেন্ডিসকে (৫) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মুশফিকুর রহিম। ১৬তম ওভারের দ্বিতীয় বলে উপুল থারাঙ্গাকে ফেরান মিরাজ। দুর্দান্ত এক ক্যাচে তাকে দ্বিতীয় দফায় উদযাপনের সুযোগ এনে দেন সৌম্য সরকার।
ইনিংসের ২৮তম ওভারে আসেলা গুনারত্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান শুভাশীষ রায়। এরপর ৪৮তম ওভারে ডি সিলভাকে ফিরিয়ে তাইজুল ইসলাম ভাঙেন চান্ডিমাল-ডি সিলভার জুটি।
ইনিংসের ৬০তম ওভারের শেষ বলে আঘাত হানেন সাকিব আল হাসান। ৩৪ রানে নিরোশান ডিকভেলারকে বোল্ড করেন সাকিব।
টেস্টে মাইলফলকের এ ম্যাচে সেরা একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম। অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের। ফর্মহীনতায় বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
গল টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয় টাইগারদের। সেই হতাশা ভুলে এবার কলম্বোয় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
২০০০ সালের নভেম্বরে টেস্ট আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ। ১৬ বছর ৪ মাস ৬ দিন পর টেস্টের নবীনতম সদস্য দলটি দ্রততম সময়ে খেলছে শততম টেস্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম*, মোসাদ্দেক হোসেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।


