সুমন শাহরিয়ার
সুনামগঞ্জ পৌর শহরে মুহাম্মদপুর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানে এলাকার আহমদ আলীর খামার এবং তার আশপাশে সরকারি খাস জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এ টি এম মুর্শেদ। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খন্দকার, সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিখিল পুরকায়স্থ, উপ সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা এ কে এম সাব্বির উপস্থিত ছিলেন।
সদর ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। বিবিধ উচ্ছেদ মামলা নম্বর ১২/২০১৪ (সুনামগঞ্জ সদর উপজেলার বিবিধ উচ্ছেদ মামলা নং-৭৬/২০১৪) অনুযায়ী ওই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ওই এলাকার আহমদ আলীর খামারের ভিতরে সরকারি খাস জমিতে থাকা এবং আশাপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


