স্টাফ রিপোর্টার
জেলার সকল নদীতে অবৈধ ড্রেজার ও বোমা মেশিন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বারকি শ্রমিক সংঘ। রোববার দুপুরে শহরের রিভার ভিউ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিজিবি ক্যাম্পের পাশে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শ্রমিকরা জানান, তারা নিরীহ শ্রমিক, নিজ হাতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রভাবশালী মহল সেখান থেকে বোমা মেশিনের সাহায্যে বালু উত্তোলন করায় হাত দিয়ে শ্রমিকরা বালু উত্তোলন করতে পারছে না। তারপরও তারা জীবিকার তাগিদে সামান্য বালু উত্তোলন করেত পারলেও দেড় মাস আগে বিজিবি ডলুরা ক্যাম্প থেকে জানানো হয় যে ক্যাম্পের পাশের নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। কিন্তু বোমা মেশিন ও ড্রেজার মেশিন দিয়ে ঠিকই বালু উত্তোলন চলছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হলেও এসব দেখার কেউ নেই। শ্রমিকদের জীবন জীবিকা চালানোর জন্য নদীতে কাজ করার সুযোগ দেয়া ও বারকি শ্রমিকের জীবন বাঁচানোর আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা বিজিবির ২৮ ব্যাটলিয়ানের অধিনায়কের কাছে স্মারকলিপি প্রদান করতে যান। কিন্তু তিনি ব্যাটলিয়নে নেই জানিয়ে স্মারকলিপি রাখা হয় নি। পরে শ্রমিকরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের সময় বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়াসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
- পাকা রাস্তা চায় ৫ গ্রামের ১০ হাজার মানুষ
- পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ১৬ মাসে ১২ হাজার ২৯১টি মামলার নিষ্পত্তি


