শহরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
শহরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই যক্ষা দিবস পালিত হয়। ওইদিন সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাছননগর এলাকায় সদর উপজেলা প্রশিক্ষণ ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যক্ষা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবদুল হাকিম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়, ডা. রুস্তুম আলী, নাটাব’র সভাপতি ধূর্জটি কুমার বসু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ম্যানেজার (স্বাস্থ্য) ফজলুল হক।
সকালে র‌্যালিতে অংশ নেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, ব্রাকের ব্যবস্থাপক মিটু রঞ্জন সরকার, উপজেলা ম্যানেজার হোসনে আরা আক্তার প্রমুখ। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. আবদুল হাকিম বলেন, ‘মানুষ তাঁর কর্মের মাঝে বেঁচে থাকে। ভাল কর্মে ব্যস্ত থাকলে শরীর ও মন দু’টিই সুস্থ থাকে। সহজে রোগে আক্রমণ করতে পারে না। সুস্থ থাকতে হলে নিজেকে সবসময় সবল মনে করে সব কাজে এগিয়ে যেতে হবে। ধুমপানের অভ্যাস পরিত্যাগ করা উচিৎ। একজনের ধুমপানের কারণে অন্যজনও রোগে আক্রান্ত হয়। ধুমপায়ীরা যক্ষারোগে আক্রান্ত হয় বেশি। ’