শহীদ মিনার রক্ষার দাবিতে কালেক্টরেট চত্ত্বরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার’র স্থলেই দৃষ্টিনন্দন নতুন শহীদ মিনার নির্মাণের দাবিতে কালেক্টরট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা ১ টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষা কমিটি এই কর্মসূচি পালন করে। কর্মসুচির প্রতি সংহতি জানান আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন      
 কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা-আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু, পিপি অ্যাড. খায়রুল কবির রোমেন, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেনরায়, অ্যাড. শেরেনুর আলী, সমাজসেবক ইয়াকুব বখত বহলুল, অ্যাড. বোরহান উদ্দিন দোলন, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. এনাম আহমেদ, সাংবাদিক শামস শামীম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ।
বক্তারা কালেক্টরেট ভবন ও জেলা জজ আদালত ভবনের মধ্যবর্তী সংরক্ষিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়া থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, সুনামগঞ্জ শহরের ডিএস রোডে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নির্মিত শহীদ মিনারটি প্রায় ৪৫ বছর ধরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে পরিচিত। এই শহীদ মিনারেই দীঘদিন ধরে কর্মসূচি পালন করে আসছেন মুক্তিযোদ্ধা-জনতা। অন্যস্থানে শহীদ মিনার স্থাপন না করে পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনারকেই দৃষ্টিনন্দন করে নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় লোকজন।