শান্তিগঞ্জ অফিস
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরীর নির্দেশনায় শান্তিগঞ্জে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত ১৫শত কৃষক পরিবারের মাঝে ১৩ মে. টন গবাদি পশুর খাদ্য এবং প্রায় ১ লক্ষ পরিবারের জন্য ১ শত টন চাউল, ডাল, তেল, আলু, চিড়া, মুড়ি, জরুরী ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সন্ধ্যায় পাগলা গণস্বাস্থ্যকেন্দ্রে ত্রাণ কর্মসূচীর আওতায় জরুরী গবাদি পশুর খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
রবিবার (২৬ জুন) সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে রাখা বিভিন্ন কৃষকের গবাদি পশুর জন্য ভ্রাম্যমাণভাবে গোখাদ্য বিতরণ করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক লন্ডন প্রবাসী আব্দুল আউয়াল, গণস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হালিমুর রেজা মিলন, কৃষি ও সমবায় বিভাগের পরিচালক প্রকৌশলী রঞ্জন কুমার মিত্র, মানবসম্পদ বিভাগের সহকারি অফিসার শাহনাজ পারভীন, গণশিল্পালয় বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসান, সিনিয়র ফার্মাসিস্ট ইমাম বনি আল হাসান প্রমুখ।
ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্য বিতরণকালে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হালিমুর রেজা মিলন বলেন, শান্তিগঞ্জে ভয়াবহ বন্যার খবর পাওয়া মাত্র গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফর উল্লাহ চৌধুরীর দিক নির্দেশনায় ৪১ সদস্যের একটি টিম শান্তিগঞ্জে বন্যাদুর্গতদের জন্য শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, গবাদি পশুর খাদ্য, জরুরী ঔষধ নিয়ে আমরা মাঠে আছি। আগামী ঈদ পর্যন্ত ১ শত টন নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র সহ সরকারি বেসরকারিভাবে আমাদের উপজেলায় ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।
- যতদিন প্রয়োজন ত্রাণ তৎপরতা চালানো হবে—কোস্টগার্ড মহাপরিচালক
- ডিসির ত্রাণ তহবিলে দুই লাখ টাকার অনুদান দিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ


