স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের শান্তিগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে শিক্ষার্থীরা। এবার এই বিদ্যালয়ে ৩৮ জনে পরীক্ষা দিয়ে ৩৮জনই পাশ করেছে। ২২জন পেয়েছে এ গ্রেড, ৯জন পেয়েছে এ মাইনাস, ৭জন বি গ্রেড পেয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই বিদ্যালয়ের শিক্ষকরা কোনো শিক্ষার্থীকে প্রাইভেট লেখাপড়া করাননি। শিক্ষকেরা বিদ্যালয়ে পড়ান, শিক্ষার্থীরাও মনোযোগ সহকারে লেখাপড়া করেন। প্রতিবছর রমজান মাসেও শিক্ষকরা স্বেচ্ছায় ৩ ঘণ্টার মতো লেখাপড়া করান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকেই ১৪ বছর যাবত শিক্ষকতায় আছেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। বিদ্যালয়ে আছেন মোট ১০ জন শিক্ষক। শিক্ষার্থী আছেন ৩৬৫ জন। গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৯জন, এরমধ্যে পাশ করেছিল ৩৬জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি কড়া নজর রাখি। শিক্ষার্থীর অভিভাবকরাও তাদের সন্তানের লেখাপড়ার খোঁজ খবর নেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সকলের নজরদারী থাকায় এই সাফল্য অর্জন করতে আমরা সক্ষম হয়েছি।’


