শালিসে মঈনুল হক কলেজের উদ্ভুত পরিস্থিতির নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও এলাকাবাসীর দাবি পূরণ করলেন সদর উপজেলার জয়নগর বাজার মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জেলা কৃষক লীগের সদস্য মঈনুল হক।
এলাকার এসএসসি উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর ভর্তি ফি নিজস্ব তহবিল থেকে প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এলাকাবাসীর শালিস বৈঠকে এ ঘোষণা দেওয়ায় তাকে অভিনন্দন জানান শালিসে উপস্থিত চারটি ইউনিয়নের স্থানীয় সরকারের      
নির্বাচিত জনপ্রতিনিধি, শালিসকারী ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।
উল্লেখ্য সম্প্রতি ভর্তি ফি ইস্যুতে কলেজ ক্যাম্পাস অস্থিতিশীল করে হয়। এ নিয়ে ক্যাম্পাসে দুই পক্ষের মারামারিতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে এ নিয়ে কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠলে কলেজের প্রতিষ্ঠাতা মঈনুল হক জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সঙ্গে দেখা করে পুরো বিষয় খুলে বলেন। এসময় জেলা প্রশাসক প্রতিষ্ঠাতা মঈনুল হককে হাওর দুর্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীদের ভর্তি ফিস বিষয়ে সহায়তার আহ্বান জানান।
মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনকি সম্পাদক রেজাউল করিম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত শালিস বৈঠকে সদর উপজেলার মোহনপুর, দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক-ভীমখালি ও জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, এলাকার শালিসকারী ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা কলেজ পরিচালনায় এলাকাবাসীর সার্বিক সহায়তা কামনা করেন।
শালিস অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, সাচনাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক সেলিম আহমেদ, শামস শামীম, জসিম উদ্দিন, তরুণ সমাজকর্মী মো. আখলাকুর রহমান, আবু বক্কর, মো. মানিক মিয়া প্রমুখ।
শালিস বৈঠকে কলেজ প্রতিষ্ঠাতা মো. মঈনুল হক ও অধ্যক্ষ মতিউর রহমানও বক্তব্য রাখেন। কলেজ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন এবং কলেজের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের নির্দেশনা দেন উপস্থিত গণমান্য ব্যক্তিগণ।
শালিসকারীদের সামনে তার নির্ধারিত বক্তব্যে কলেজ প্রতিষ্ঠাতা মঈনুল হক বলেন, অনাকাঙ্খিত ঘটনার পর আমি আমাদের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম মহোদয়ের সঙ্গে দেখা করে বিস্তারিত ঘটনা খুলে বলি। তিনি আমাকে কলেজ প্রতিষ্ঠাতা হিসেবে হাওরের দুর্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীদের ভর্তি ফিসে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। তাছাড়া এলাকার মানুষও আমাকে এ বিষয়ে বলেছিলেন। আমি তাদের কথা মেনে কলেজে ভর্তি হওয়া এসসসি উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের ফিস নিজে বহনের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন,‘ মূলত গত ১৩ বছরের হিসাব চাওয়ায় এবং ব্যাংকে কলেজের হিসাব না খুলে ইচ্ছেমতো অর্থ খরচ করার বিষয়ে জানতে চাওয়ায় আমার প্রতি কিছু কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝানো হয়েছিল। যার কারণে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখিত।
শালিস বৈঠকের সঞ্চালক রেজাউল করিম শামীম বলেন,‘ মঈনুল হক শুধু এই কলেজই প্রতিষ্ঠা করেননি। তিনি এলাকার রামনগর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ এবং শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবনও দান করেছেন। আজ তিনি শালিস বৈঠকে দেড় শতাধিক শিক্ষার্থীর ভর্তি ফিস প্রদান করে তিনি আবারও মহানুভবতার পরিচয় দিয়েছেন। কলেজের আর্থিক অসঙ্গতি দূর করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পরিচালনা কমিটি ও এলাকাবাসীকে অনুরোধ জানান। কলেজ পরিচালনায় এলাকাবাসীকে সার্বি সহযোগিতা করার আহ্বান জানান তিনি।