পি সি দাস, শাল্লা
সিলেট শহরে খুন হয়েছেন শাল্লা উপজেলার গোবিন্দ দাস (৩৫)। নিহত গোবিন্দ দাস শাল্লা উপজেলার বড়গাঁও গ্রামের মৃত. গৌরাঙ্গ দাসের ছেলে। এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় গোবিন্দ দাসের বড় ভাই জনার্ধন দাস বাদী হয়ে ১ জুন মামলা দায়ের করেন। মামলা নম্বর ২।
এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সিলেটের শিবগঞ্জের সেলিম মিয়ার ছেলে রাহাত রাব্বি (২০), রিন্টু দাসের ছেলে সৌরভ দাস (১৯) এবং টিলাগড়ের আলমাছ মিয়ার ছেলে আতিকুর রহমান শুভ (১৯)।
এসময় তাদের নিকট থেকে নিহত ব্যক্তির ৪ হাজার ৩০০ শত টাকাও উদ্ধার করে পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেট শহরের আখালিয়া নতুন বাজারে ভাড়া বাসা নিয়ে ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতেন গোবিন্দ দাস। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১ জুন) ভোরে নিজ ভ্যানগাড়ি নিয়ে গোবিন্দ দাস বাসা থেকে বের হন সোবহানীঘাটের কাঁচাবাজার থেকে সবজি কেনার জন্য। ধোপাদিঘীর পূর্ব পাড়ের সৈয়দ চান্দ আহমদ চিশতিয়া মাজারের সামনের সড়কে পৌঁছালে ৪/৫ জন যুবক গোবিন্দ দাসের পথরোধ করে ও ধারালো চাকু দিয়ে পাজরে আঘাত করে। এতে গোবিন্দ গুরুতর রক্তাক্ত জখম হন। এসময় তার সাথে থাকা ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুস্কুতিকারীরা। গুরুতর আহত গোবিন্দ দাসের চিৎকারে আশপাশের লোকজন এসে গোবিন্দ কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোবিন্দ দাস খুনের ঘটনাস্থল পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা পরিদর্শন করেছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করে আদালত সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।


