শাল্লার ধর্ষণ মামলার আসামী গ্রেফতারে এসপির নির্দেশ

পি সি দাশ, শাল্লা
শাল্লায় গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ  বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় জড়িতদের জরুরী ভিত্তিতে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন উর রশিদ।
বুধবার বেলা ১১ টায় পুলিশ সুপার হারুন অর রশিদ শাল্লা থানা পরির্দশনে এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমানকে এই নির্দেশ দেন।
এসময় তিনি বলেন,‘ছাত্রী ধর্ষণ মামলার সঙ্গে জড়িতরা যেই হোক তারা কেউ পার পাবে না। পুলিশ তাদের খোঁজে বের করবেই।’
উল্লেখ্য গত  ২০ জুলাই সুলতানপুর গ্রামের মজিবুর রহমানের বখাটে ছেলে মাসুম মিয়া (২৪) ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আতিকুর (১৯) এই ছাত্রীকে জোর করে উঠিয়ে শাল্লা সদর বাজারে বিল্লাল মিয়ার ঘরের ভিতরের বাথরুমে আটক রেখে ধর্ষণ করে। ২৫ আগষ্ট সোমবার মেয়েটির  পিতা বাদী হয়ে বখাটে মাসুম ও আতিকুরকে আসামি করে একটি ধর্ষণ  মামলা দায়ের করেন । মামলার ৪ দিন পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ ।
ছাত্রীর পিতার বলেন,‘আমি গরিব অসহায় মানুষ। অন্যের বাড়িতে কাম (কাজ) করে খুব কষ্ট কইরা মেয়েডারে লেখা পড়া করাইতাছি। আমার মেয়ের সাথে এই ঘটনা যারা ঘটাইছে তারা খুব  প্রভাবশালী।’
তিনি আরো বলেন,‘ঘটনার পর থেকে তাকে যেখানেই পাবে প্রাণে মারার হুমকি দিচ্ছে এই প্রভাবশালী অপরাধী মহল। এখন তিনি তার পরিবার নিয়ে শঙ্কিত রয়েছেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন,‘আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’