সুরমায় পানি কমেছে ২৮ সেন্টিমিটার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জবাসী ১২ দিন পর বুধবার দিনভর রোদ পেয়েছেন। বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে অবশ্য আগের দিনের চেয়ে বুধবার ২৮ সেন্টিমিটার কমে ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
টানা বৃষ্টিতে জেলাব্যাপি জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছিল। মঙ্গলবার বিকাল থেকেই আকাশের অবস্থা কিছুটা ভাল ছিল, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বুধবার আকাশ পুরোপুরি পরিস্কার দেখা যায়, একই সঙ্গে সারাদিন বৃষ্টির ফোটাও পড়েনি। ফুটপাতের দোকানী পথচারী সকলের চোখে-মুখেই এসময় যেন রোদ হেসেছে।
পাউবোর সুনামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন,‘বুধবার দুপুর ১২  টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ মিলিমিটার’। তার মতে, ৩ দিন এভাবে আবহাওয়া থাকলে ৪০ সেন্টিমিটার পানি কমে যাবে।