সুব্রত দাশ খোকন, শাল্লা
সারা দেশের ৭১৫টি ইউনিয়ন পরিষদের ন্যায়, শাল্লা উপজেলার বাহাড়া (সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ম ধাপে অর্থাৎ ২৮ মে তারিখ-কে নির্ধারণ করে তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উক্ত ইউনিয়নে আসল আওয়ামীলীগের প্রার্থী কে? এ নিয়ে বিগত ১০/১৫ দিন যাবৎ এলাকায় নানা মুখরোচক গল্পের জন্ম দিচ্ছে।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে পাঠান স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একক প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বাহাড়া ইউনিয়ন তৃণমূল নেতাকর্মী ও প্রার্থীদের নিয়ে গত ৯ এপ্রিল সংসদ সদস্যের ঢাকাস্থ বাসায় মতবিনিময় করেন। এর পরের দিন এপিএস কামরুল ইসলামের বরাত দিয়ে এলাকায় প্রচার হতে থাকে বাহাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিধান চন্দ্র চৌধুরী। এরপর ১৬ এপ্রিল সুরঞ্জিত সেনগুপ্তের সংসদ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্ভাব্য প্রার্থীদের সামনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এই্ ইউনিযনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নরেশ চন্দ্র চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাশের বরাত দিয়ে পরের দিন ১৭ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে শাল্লার ৪টি ইউনিয়নের প্রার্থীদের তালিকার মধ্যে বাহাড়া ইউনিয়নে নরেশ চন্দ্র চৌধুরীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রচার করা হয়। রবিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় ইউপি নির্বাচনী মনোনয়ন বোর্ড ৫ম ধাপের সারাদেশের ৭১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে। সোমবার দুপুর থেকে এলাকায় প্রচার হতে থাকে জেলা আওয়াম লীগের সভাপতি মতিউর রহমানের অনুরোধে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বাহাড়া ইউপি-তে প্রার্থী বদল করে বিধান চন্দ্র চৌধুরী-কে দলীয় মনোনয়ন দিয়েছেন।
এ নিয়ে তৃণমূল আওয়ামী লীগে বিভ্রান্তি ও বিভক্তি প্রকট আকার ধারণ করেছে। যার বিরূপ ফলাফল নির্বাচনে দেখা দিবে বলে মত প্রকাশ করছেন তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা।
বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পীযুষ দাস ও সাধারণ সম্পাদক ফনী ভূষণ সরকার বলেন,‘ আমাদের সবার মতামতের ভিত্তিতে আমাদের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত প্রাক্তন চেয়ারম্যান নরেশ চন্দ্র চৌধুরী-কে বাহাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমরা জানি, আওয়ামী লীগের প্রার্থী নরেশ চন্দ্র চৌধুরী, এর ব্যতিক্রম হলে আমরা কিছুতেই মেনে নেব না।’
সর্বশেষ দলীয় মনোনয়নপ্রাপ্ত বিধান চন্দ্র চৌধুরী বলেন,‘গতকাল সোমবার আমার নাম পত্রিকায় এসেছে এবং আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গতকাল রবিবার মাইকে বাহাড়া ইউনিয়ন প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী বলেন,‘আমরা নরেশ চন্দ্র চৌধুরীকে বাহাড়া ইউনিয়নের একক প্রার্থী করে রেজুলেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কাকে মনোনায়ন দেওয়া হয়েছে কোন নির্ভরশীল সূত্র থেকে তা আমরা এখনও জানতে পারিনি।’
- জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে পৃথক সংঘর্ষে আহত ৩০
- ধানকুনিয়া হাওর-ধর্মপাশা ফসলরক্ষা বাঁধে নৌকা ফেলেও শেষ রক্ষা হয়নি


