শাল্লা প্রতিনিধি
সাংবাদিকদের মারধর ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনতা। রবিবার সকাল ১১টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা অজয় তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, ফণি ভূষণ সরকার, সিনিয়র সাংবাদিক মনোরঞ্জন দাশ, সাংবাদিক জয়ন্ত সেন, দিলুয়ার হোসেন দিলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ব্রজেশ চৌধুরী, যুবলীগকর্মী তুহিন চৌধুরী, রতন চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক শেকুল আহমেদ, ব্যবসায়ী আমিনুল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরাম অকথ্য ভাষায় শাল্লার মানুষকে গালাগালি করেছেন। চোরের গ্রামে পুকুর খননের নামে ১০লাখ টাকা আত্মসাৎ করেছেন। হাওর রক্ষা বাঁধের নামে পিআইসির যোগসাজসে লাখ লাখ টাকা আত্মসাৎ ও পরিবেশ ধ্বংস করে উপজেলার গাছ বিক্রি করে কয়েক লাখ টাকা আত্মসাৎ, নারী নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। মানববন্ধনে বিতর্কিত কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামের শাস্তির দাবি জানান বক্তারা।


