পি সি দাশ, শাল্লা
শাল্লা উপজেলা করোনা মোকাবিলা কমিটিতে অন্তর্ভুক্ত ১৩ কর্মকর্তা বেশ দিন যাবত অনুপস্থিত রয়েছেন। ফলে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করা যেমন কঠিন হচ্ছে অন্য দিকে বিভিন্ন ত্রান বিতরণে টেগ অফিসারের সংকট দেখা দিয়েছে। শনিবার বিভিন্ন অফিসে যোগাযোগ করে এমন তথ্য পাওয়া যায়।
করোনা সঙ্কটে সরকার সর্বশেষ সাধারণ ছুটি ঘোষণা করে ২৫ এপ্রিল পর্যন্ত। ছুটির চিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় উল্লেখ করেছেন মহামারি করোনা ভাইরাস সংক্রামণ ও বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় জরুরি পরিস্থিতি মোকাবেলায় সার্বিক সহায়তা প্রদানে সকল মন্ত্রণালয় ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীগন কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রদান করে । কিন্তু সরকারি এ নির্দেশনা অমান্য করে শাল্লায় ১৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায় ওই সব অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকেই করোনা পরিস্থিতি মোকাবিলা গঠিত কমিটিতে অন্তভুক্ত সহ বিভিন্ন ত্রাণ কার্যক্রমে টেগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার পর ও এই দুঃসময়ে তারা কর্মস্থলে নেই।
জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোঃ মোস্তাকিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপন কান্তি পাল, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কমকর্তা মোঃ সিরাজুল হক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ অহিদ উল্যাহ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিল্পী রাণী সিনহা, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঘুঙ্গিয়ারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, উপজেলা ভূমি অফিসের কানুনগো দেবব্রত দাস, সার্ভেয়ার আতিকুর রহমান, অফিস সহকারি হরেন্দ্র কুমার দাস ও মোঃ সামছুদ্দোহা অনুপস্থিত রয়েছেন।
এদের মধ্যে করোনা মোকাবেলা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, দাফন-কাফন ও ধর্মীয় সচেতনতা মূলক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোঃ মোস্তাকিম। তাছাড়াও অনুপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ রয়েছেন টেগ অফিসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কর্মকর্তা, কর্মচারীগন অনুপস্থিত থাকায় করোনা মোকাবিলা সহ যাবতীয় ত্রান কার্যক্রম পরিচালনা করতে খুবই সমস্যা হচ্ছে । তিনি আরো বলেন সরকারী কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার জন্য সরকারি নির্দেশনা থাকার পর ও আমি অনেককেই বার বার বলা সত্ত্বেও তারা কর্মস্থল ত্যাগ করেছে সেটি সঠিক হয়নি। এনিয়ে তিনি উপর মহলে আলোচনা করবেন বলে জানান।
- ৫শত পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য ১ লক্ষ টাকা দিলেন শিবপুরবাসী
- হাজারো মানুষের অনুপ্রেরণা-‘কারোনাযুদ্ধে জয়ী হবে তুমি’


