শাল্লায় গৃহবঁধুর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আগুয়াই গ্রামে পরিবারের সদস্যদের অত্যাচার সইতে না পেরে লিপা রানী দাস (২০) নামে এক গৃহবধূ গত মঙ্গলবার সকাল ১০ টায় নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে শাল্লা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ নিহত লিপার স্বামী রুবেল দাস (২২) কে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করেন।
এ বিষয়ে একই ইউনিয়নের পুটকা গ্রামের লিপা দাসের পিতা তাপন কুমার দাস (৪৮) বাদী হয়ে বিবাদীর পরিবারের ৪ জনকে আসামী করে ৩১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে একটি মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হল লিপার ননদী পাপিয়া রানী দাস (১৮) শাশুড়ি জয়লক্ষি রানী দাস (৪০) ও দাদা শ্বশুর ভূষণ চন্দ্র দাস।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করি। লিপা হত্যা মামলার আসামী লিপার স্বামী রুবেল দাস (২২) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত বৈশাখ মাসে লিপা ও রুবেল দাসের সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই লিপা পারিবারিক কলহের শিকার ছিলেন বলে জানা যায়।