শাল্লায় জলমহালের দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

স্টাফ রিপোর্টার
জেলার শাল্লা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের মধ্যবর্তী স্থানে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের শাল্লা ও আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়, সুনামগঞ্জের শাল্লার শেষ সীমানা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের শেষ সীমানার জলমহাল মির্জাকান্দা মরা কালনী নদীর দখল নিয়ে বিরোধ রয়েছে মির্জকান্দা গ্রামের আব্দুল হাসেম মেম্বার ও সিরাজ মিয়ার মধ্যে। বুধবার সকালে দুই পক্ষই বিরোধকৃত জলমহালে মাছ ধরতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় আবুল হাসেম মেম্বারের পক্ষ নেয় মির্জাকান্দা ও আশপাশ গ্রামের জেলেরা এবং সিরাজ মিয়ার পক্ষ নেয় আজমিরিগঞ্জের পিঠাকান্দা গ্রামের জেলেরা।
দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের শাল্লা ও আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শাল্লা হাসপাতাল থেকে গুরুতর আহত ৪ জনকে দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ   
হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থলে থাকা শাল্লা থানার সাবইন্সপেক্টর তাহের মোল্লা বলেন,‘মরা কালনী নদীর দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শাল্লা হাসপাতালে আহত ১৮ জনকে ভর্তি করা হয়। অন্যরা ভর্তি হয় আজমিরিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। গুরুতর আহত ৪ জনকে সিলেট পাঠানো হয়েছে। এখন (বিকাল ৩ টা) পরিস্থিতি শান্ত রয়েছে’।