শাল্লা প্রতিনিধি
শাল্লার পল্লীতে ভাতিজার হাতে কাকা খুন হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই দিন বিকালে একই গ্রামের বাসিন্দা দয়ানন্দ সরকারের ছেলে বিজয় সরকার তার কাকা সদয় সরকারের ছেলে উপানন্দ সরকারের (৬৯) সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিজয়ের লাঠির আঘাতে কাকা উপানন্দ সরকার মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে শাল্লা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায়ই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ সিকদার তাকে মৃত বলে ঘোষণা করেন। গ্রামবাসীসূত্রে জানা যায় হত্যাকারী বিজয় সরকার মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ ধরনের। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ বিজয় সরকারকে গ্রেফতার করেছে। শাল্লা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ‘ঘাতক বিজয় সরকারকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে’।


