শাহারপাড়ায় নৌকার প্রার্থীকে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের সমর্থকদের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সমর্থকদের বিরুদ্ধে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে গেলে বিদ্রোহী প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সাথে অশালীন আচরণ করেন।
এতে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান বলেন, আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে গেলে স্বতন্ত্র প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সমর্থক যুবলীগ নেতা চুনু মিয়া নৌকার সমর্থকদের সাথে দুর্ব্যবহার করেন। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্ত হয়।
এবিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী তৈয়ব মিয়া কামালীর সাথে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।