পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দ্বারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সভাপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার উপজেলার গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাটি ঘটেছে। পরে মঙ্গলবার সভাপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণমোহন দাশকে ১৪ জুলাই শুক্রবার
বিদ্যালয়ে সাধারণ সভা করে কিছু সংখ্যক মানুষ দিয়ে লাঞ্ছিত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রউফ। সভার এক পর্যায়ে সভাপতি আবদুর রউফ তার কিছু সমর্থক নিয়ে প্রধান শিক্ষক কৃষ্ণমোহন দাশকে শারিরীকভাবে আক্রমণ করতে উদ্যত হন। পরে সভায় সকলের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজও করে।
ঘটনার পরে মঙ্গলবার শিক্ষার্থীরা চলমান অর্ধবার্ষিকী পরীক্ষা বর্জন করতে চাইলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিলে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল হেকিম সাধারণ সভায় উপস্থিত ছিলেন জানিয়ে বলেন,‘আমি জেনারেল সভা সম্পর্কে কিছুই জানতাম না। হঠাৎ সভাপতি শুক্রবারে একটি সভা ডাকলেন। উপস্থিত হয়ে আমি নিজেই অবাক হয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আমি বিব্রত বোধ করেছি তখন। স্যার সব সময় বিনয়ী ছিলেন। তবু তাঁকে অপমান করা হল।
অভিভাবক হারুন মিয়া বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সভায় আমি নিজে উপস্থিত ছিলাম। কিন্তু যে পরিস্থিতি সভায় হয়েছে সেটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় আমি সভাতেই নিন্দা জানিয়েছি। এখনো জানাচ্ছি।
লাঞ্ছিত প্রধান শিক্ষক কৃষ্ণমোহন পাল বলেন, আমি ৩৩ বছর হলো এ স্কুলে শিক্ষকতা করছি। কোনো সময় কারো সাথে কোনো বিভেদ হয়নি। হঠাৎ করে আমাকে সকলের সামনে এভাবে লাঞ্ছিত করা হবে স্বপ্নেও ভাবি নি। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে সভায়।
সভাপতি আবদুর রউফ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্কুলের স্বার্থে সভার মাধ্যমে কৃষ্ণ বাবুর কাছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চেয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার পুরকায়স্থ বলেন, আমি মৌখিকভাকে অভিযোগ পেয়েছি। নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করতে বলেছি। পরে তদন্ত করে শিক্ষাবোর্ডে প্রতিবেদন পাঠাবো। তারাই আইনানুগ ব্যবস্থা নিবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির বলেন, আমার কাছে একটি মৌখিক অভিযোগ এসেছে। আমি বলেছি লিখিত অভিযোগ করতে। যদি আইনিভাবে আমাদের কথা বলার সুযোগ থাকে তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো।
- বাংলাদেশের মধ্যে সেরা জেলা সুুনামগঞ্জ -চেয়ারম্যান, সিলেট বোর্র্ড
- বারকি শ্রমিক সংঘের সভা- ধোপাজানে ড্রেজার-শ্যালো মেশিন বন্ধের দাবি


