লন্ডন প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক, বিশিষ্ট গল্পকার, প্রবীণ সাংবাদিক, সদ্য প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী স্মরণে লন্ডনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পূর্ব লন্ডনের একটি হলে নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও কমিউনিটি ব্যক্তিত্ব জিলু মিয়ার সভাপতিত্বে এবং সাবেক অধ্যাপক মোহাম্মদ রফিক আহমদ ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের যৌথ পরিচালনায় যুক্তরাজ্যে বসবাসরত নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী শোকসভা ও দোয়া মাহফিল অংশ নেন।
শোক সভায় প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী স্মরণে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কবি আমিরুল ইসলাম সাদিক, সাবেক শিক্ষক আরবাব কামালী, কবি খলিল আহমদ, আনহার চৌধুরী, মানিক মিয়া কামালী, সাবেক ইউপি সদস্য সৈয়দ ইছহাক আলী, আব্দুল হান্নান মাইকেল, রনক আহমদ, ফজলুর রহমান চৌধুরী ও রাজিব খান প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, জীবদ্দশায় আমরা গুণীদের গুণের কদর করি না। গুণী ব্যক্তিরা চলে গেলে আমরা স্মরণ করি। এটি আমাদের সমাজের প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বহুগুণে গুণান্বিত গোলাম রব্বানী চৌধুরীকেও জীবদ্দশায় যথাযথ সম্মান দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা।
বক্তারা আরও বলেন, যারা জ্ঞান অন্বেষণ করে এবং জ্ঞান অন্বেষণে সহযোগিতা করে তারাই প্রকৃত গুণীজন। প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী ছিলেন এরকম একজন গুণী, সাদা মনের মানুষ। তিনি ছিলেন একাধারে শিক্ষক-সাংবাদিক ও গল্পকার।
অনুষ্ঠানের শেষে প্রয়াত লেখক, শিক্ষক গোলাম রব্বানী চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আব্দুল হক কাবিরী, জাহাঙ্গীর কামালী, শাহ দবির কামালী, আপেল কামালী, আব্দুর রব, আব্দুর রশিদ, রতন কামালী, গোলাব মিয়া, আব্দুস সালাম কামালী, আনোয়ারুল হক চৌধুরী, আবু তাহের, ছনা মিয়া প্রমুখ।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফজলুর রহমান চৌধুরী। প্রয়াত গোলাম রব্বানী চৌধুরীর স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন কবি খলিল আহমদ।


