শহীদ নূর আহমেদ
সরস্বতী পুজা,হিন্দু শিক্ষার্থীদের কাছে এক অন্যরকম উৎসব আয়োজন। জ্ঞানদাত্রী, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজা অর্চনা ও কৃপালাভের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে থাকে উৎসবের ব্যতিক্রমী আমেজ।
মন্ত্রপাঠ, সাজসজ্জা, মন্ডপ দর্শন, নাচগান, প্রসাদ গ্রহণের মাধ্যমে এই পূজায় নতুন মাত্রার স্বাদ গ্রহণ করেন শিক্ষার্থীরা। আর এ যদি কলেজ বা উচ্চ বিদ্যাপীঠ কেন্দ্রীক হয় তাহলে তো কথাই নেই। সরস্বতী পুজা উপলক্ষে শহরের সরকারি বেসরকারি কলেজগুলোর হিন্দু শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে বন্দনা করছে দেবী সরস্বতীর। দিনের শুরুতে সকাল সকাল দেবীর প্রতিমা স্থাপন, ভোগ ও নৈবদ্য প্রস্তুতকরণ, প্রতিমা আহ্বান, পূজা অর্চনা, অঞ্জলীপ্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক আয়োজন, মন্ডপ দর্শন ও সান্ধ্যকালীন আরতির মাধ্যমে দিনটি পালন করে তাঁরা। স্ব স্ব প্রাঙ্গণে পুজাম-প স্থাপন করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ পৌর কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও নর্থ ইস্ট আইডিয়াল কলেজ।
সুনামগঞ্জ সরকারি কলেজের হিন্দু হোস্টেল প্রাঙ্গণে দেবীর প্রতিমা স্থাপন করেছেন শিক্ষার্থীরা। দিনব্যাপী নাচ-গান আনন্দ ও প্রসাদ বিতরণ করেন তাঁরা। এদিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে স্থাপন করেছেন দৃষ্টিনন্দন প্রতীমা।
অন্যান্য প্রতিষ্ঠানের মত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাঁরাও উপভোগ করে দিনটি। সরকারি মহিলা কলেজ মাঠে প্রতিমা স্থাপন করেছেন সরকারি মহিলা কলেজের ছাত্রীরা।
একই ভাবে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও নর্থইস্ট আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে প্রতীমা ও ম-প স্থাপন করে আনন্দের সাথে বাণী বন্দনায় নিয়োজিত ছিলেন।


