শিক্ষা সংগ্রামী কবিরকে ভর্তি সহায়তা দিলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে’এর ভর্তি ফি’এর টাকা শিক্ষা সংগ্রামী কবির হোসেনের হাতে তুলে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
কবির হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের দিনমজুর শুকুর আলী ও রেহেনা বেগমের ৬ ছেলে মেয়ের মধ্যে চতুর্থ সন্তান। বাবা’র অসুস্থতার সময় কবির এসএসসি পরীক্ষা দিয়ে নিজে বালু শ্রমিক হিসাবে কাজ করে। দিনমজুরের কাজ করে সংসার চালানোর দায়িত্বও তখন কবির ও তার মা রেহেনা বেগম পালন করেছেন।
এইচএসসিতে শহরের শিক্ষাবিদ পরিমল কান্তি দে ও মো. গোলাম কিবরিয়া’র সহায়তায় পড়াশুনা করেছে এই শিক্ষা সংগ্রামী। সামাজিক সংগঠন দি অপটিমিস্টস’এর আর্থিক সহায়তা পেয়েছে সে। এছাড়া ২০১৭ সালে দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষা সংগ্রামী’র পুরস্কার পেয়েছে সে।
কবির এসএসসিতে জিপিএ-৪.৪৫, এইচএসসিতে জিপিএ ৪.৬৭ এবং শাহজালাল বিশ^বিদ্যালয়ের অধিবুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনার্সে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৯০ তম স্থান পেয়েছে।
শুক্রবার রাত ৮ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তাঁকে কল্যাণ তহবিল থেকে ভর্তি ফি’এর টাকা এবং প্রথম মাসের খরচের টাকা তুলে দেন। একইসঙ্গে জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে তাঁর নতুন পোশাক কেনার টাকা এবং শীতের কাপড় তুলে দেন।