শিলাবৃষ্টিতে সবজি ও ধানের ব্যাপক ক্ষতি

বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত কয়েকদফা শিলা বৃষ্টিতে সুনামগঞ্জের বোরো ফসল এবং সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে ব্যাপক শিলাবৃষ্টিতে জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় ক্ষতি হয়েছে বেশি। দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ ও ধর্মপাশা উপজেলার কিছু অংশের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ি জেলার ৫ হাজার হেক্টর বোরো জমি এবং ৫০ হেক্টর সবজী একেবারেই নষ্ট হয়ে গেছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত কয়েক দফা শিলা বৃষ্টি হয়েছে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে। সবচেয়ে বেশি শিলা পড়েছে সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায়। এসব উপজেলার কোন কোন অঞ্চলের পাাকা ধান ও সবজী একেবারেই নষ্ট হয়ে গেছে। ধর্মপাশার দক্ষিণ বংশিকুণ্ডা ইউনিয়ন, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জের কিছু অংশের পাকা ধানের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে যেসব অঞ্চলে শিলাবৃষ্টি আঘাত করেছে, সেসব এলাকায় এক লাখ হেক্টর বোরো ধানের আবাদ হয়েছে এবং প্রায় সাড়ে চার’শ হেক্টর সবজীর চাষ হয়েছে। শিলা বৃষ্টিতে ৫০ হেক্টরের মতো সবজী একেবারেই  
 নষ্ট হয়ে গেছে এবং ৫ হাজার হেক্টরের মতো বোর ধান নষ্ট হয়েছে। স্থানীয় সবজী ও ধানের জমির কৃষকরা ক্ষতি পোষাবার নয় মন্তব্য করে বলেছেন, অনেক চাষীদেরই এখন বাঁচার জন্য কাজের সন্ধানে ছুটতে হবে।
সবজীর ক্ষতি হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশি। সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের সবজী চাষীদের অনেকেই শুক্রবার সকালে নিজেদের চাষ করা জমিতে বসে আহাজারী করেছেন। এই দুটি ইউনিয়নের সৈয়দপুর, সাহেবনগর, কৃষ্ণনগর, কোনাগাঁও, রাজানগর, উড়ারকান্দা, মুসলিমপুর, বেরীগাঁও, ষোলঘর, বালিকান্দি, মঙ্গলকাটা, ঝড়ঝড়িয়া, কাইয়ারগাঁও গ্রামের সবজী চাষীদের এই মৌসুমের কোন সবজী জমিতে নেই বললেই চলে। একইভাবে বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর থেকে রতারগাঁও পর্যন্ত এলাকার সবজী খেতের সকল সবজী নষ্ট হয়ে গেছে।
সুরমা ইউনিয়নের ঝড়ঝড়িয়া গ্রামের বিলাল হোসেন বলেন,‘আমার ৩ কেয়ার জমির টমেটো, ঝিঙ্গা, চিচিঙ্গা, দেড়শ, কড়লা নষ্ট হয়েছে, এই সবজী জমিতে রেখেই দেড় লাখ টাকা দাম হয়েছিল, সকালে খেতে গিয়ে দেখি বড় বড় শিলা পাথর তখনও রয়েছে’।
সাহেবনগরের সাহারাজ মিয়া, মজিবুর ও অলিউলা বলেন,‘এতো ক্ষতি হয়েছে, অনেকে সকালে খেতে গিয়ে কান্না শুরু করেছে’।
ঝড়ঝড়িয়ার কবির মিয়া ও মজিব মিয়া বলেন,‘ঘুম থেকে উঠেই সবজী নিয়ে সুনামগঞ্জের বাজারে যাই আমরা, সবজী বিক্রি করেই পরিবারের সকল খরচ মিটাই, কাল থেকে বাজারে গিয়ে রিক্সা চালাতে হবে বা অন্য কোন কাজ করতে হবে’।
সৈয়দপুরের আলী আজগর বলেন,‘অনেকের খেতে ঢেড়শ, করলা ও চিচিঙ্গায় ভরপুর ছিল, এমন ক্ষতি হয়েছে, এখন অনেককেই আবার চাষ করে সবজী ফলাতে হবে’।
জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. জাহিদুল হক বলেন,‘বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ভোর রাত পর্যন্ত কয়েক দফা শিলা বৃষ্টিতে এক লাখ হেক্টর এলাকায় আঘাত আনে। এর মধ্যে ৫০ হেক্টর সবজী ও প্রায় ৫ হাজার হেক্টর বোরো ধান একেবারেই নষ্ট হয়ে গেছে’।