শীতকালীন সবজি বাজারে আসছে

স্টাফ রিপোর্টার
শীতকালীন সবজি বাজারে আসা শুরু হয়েছে। নতুন সবজির দামও সহনীয় পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। এবার সবজির উৎপাদন ভাল হয়েছে বলেও জানান কৃষকেরা। বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে এসব সবজি বিক্রি হতে দেখা যায়।
শহরের কালীবাড়ি পয়েন্ট, পৌর মার্কেটের সামনে, উকিলপাড়া পয়েন্টের ব্যবসায়ীরা বড় লাউ ৬০ টাকা, মধ্যম ৫০ টাকা, ছোট ৪০ টাকা, লাল শাঁক ৫ আঁটি ২০ টাকা, মাঝারি আকারের
ডাটা ৫টির আঁটি ১৫ টাকা, মুলা ৪টি ২৫ টাকা, মুলা শাক ৫টির আঁটি ১৫ টাকা, শীলা শশা ২৫টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
শহরতলীর জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা, আমপাড়া, ফেনিবিল, সুরমা ইউনিয়নের কৃষ্ণনগর, সৈয়দপুর, মুসলিমপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের গোলগাঁও, সলোকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের ব্যবসায়ীরা এই সবজি নিয়ে বাজারে এসেছেন।
এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের ও জিনারপুর বাজার, সদর উপজেলার মঙ্গলকাটা ও চৌমুহনী বাজারে এসব সবজি পাইকারী  বিক্রি হচ্ছে।
সবজি ক্রেতা আব্দুল আলী বলেন, ‘শীতের সবজি নতুন লাউ বাজারে এসেছে। তাই একটি কিনেছি। দাম মোটামুটি কম আছে।’
গোলগাঁওয়ের বাসিন্দা কৃষক মেরাজ মিয়া ও জুয়েল আহমদ বলেন, ‘সবজির ফলন ভাল হয়েছে। এই জন্য বাজারে সবজির মুল্য একটু কম।’
মঙ্গলকাটা এলাকার কৃষক আমজদ আলী ও রহিম মিয়া বলেন, ‘শীত পড়লে সবজি বড় হবে। এবার সবজির দাম কম থাকবে। কারণ ফলন ভাল হয়েছে।’