স্টাফ রিপোর্টার
গত বছরের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল পুরো সুনামগঞ্জ জেলা। বন্যার পানিতে অনেকেই হারিয়েছেন ঘরবাড়ি, আসবাসপত্র, গৃহস্থালী জিনিসপত্র ও পোশাক পরিচ্ছেদ। পৌষের তীব্র শীতে এখন নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম দুর্ভোগে।
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন কুরুতলা গ্রামের দিনমজুর মো. জুনু মিয়া (৪০) বলেন, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে আমার সংসার। বন্যায় পানিতে আসবাবপত্রসহ শীতের কাপড় ভেসে গেছে। এই শীত আমাদের কাছে এসেছে বাড়তি কষ্ট নিয়ে। ছেলে মেয়েকে নিয়ে খুব বিপাকে আছি।
শুধু জুনু মিয়াই নয় একই অবস্থা গ্রামে ৮০টি পরিবারের। গ্রামের এম্মাজন বিবি, রোখসানা বেগম, লয়লা বেগমসহ অনেকেই বললেন, আমাদের গ্রামের প্রায় সকলেই হত দরিদ্র। এই গ্রামের দিকে কেউ কখনও সাহায্যও নিয়ে আসে না। বললেন, বাবারে খুব টান্ডা, তলে দিয়েও টান্ডা উপরে দিও টান্ডা। খুব কষ্ট হচ্ছে বাজান।
গ্রামের তিন বছরের শিশু তানহা আক্তার জানায়, ভাইয়া একটা জামা দিবা (দিবেন)। আব্বায় এনে দেয় না।
জেলা প্রশাসক দিদারে আলম মোহম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, ৫০ হাজার শীতবস্ত্র প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা পেয়েছি। ইতোমধ্যে সেগুলো বিতরণ শুরু হয়েছে। তিনি বলেন, আরও শীতবস্ত্রের জন্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।
- ‘শ্রমিকনেতা বাদল সরকার আদর্শের প্রশ্নে আপোষহীন ছিলেন’
- আকমল হোসেনের আত্মার শান্তি কামনায় মিলাদ ও বিশেষ প্রার্থনা


