সু.খবর ডেস্ক
চলতি বছরের শুরুতে দেশের প্রতিটি জেলা ও বিভাগের মাঠে গড়িয়েছিল ‘প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫-১৬’। প্রাথমিক পর্যায়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে দেশের প্রতিটি জেলায়। জেলার স্কুলগুলো থেকে বেরিয়ে আসে জেলা চ্যাম্পিয়ন। আর জেলার চ্যাম্পিয়ন স্কুলগুলো বিভাগীয় পর্যায়ে এসে প্রতিদ্বন্দ্বিতা করে খেতাব জিতেছে বিভাগীয় চ্যাম্পিয়নের।
এবার এই বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো খেলবে জাতীয় রাউন্ডে। ২১ জুন থেকে শুরু হওয়া স্কুল ক্রিকেটের এই জাতীয় রাউন্ড চলবে ২৭ জুন পর্যন্ত।
স্কুল ক্রিকেটের লক্ষ্য দেশের বিভিন্ন স্কুলের ছেলে-মেয়েদের সঠিকভাবে ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া। অংশগ্রহণ করা স্কুলের শিক্ষক আর খেলায় অংশ নেওয়া ক্রিকেটারদের অভিভাবকগন ক্রিকেটের সাথে মিলতে পারেন। এছাড়া, স্থানীয়দের মধ্যেও ক্রিকেটের একটি সংস্কৃতি গড়ে উঠে। স্কুল ক্রিকেট থেকে কিছু নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার জেলা অনূর্ধ্ব-১৬ দলের মধ্যে আসে। জেলা থেকে বিভাগ এরপর বিভাগ থেকে জাতীয় অনূর্ধ্ব-১৬ তে খেলার সুযোগ পায়। মূলত স্কুল ক্রিকেট হলো জাতীয় দলে প্রবেশের অন্যতম একটি পাইপলাইন।
এবার আসুন দেখে নেই দেশের কোন বিভাগ থেকে কোন কোন স্কুল জাতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ঢাকা মেট্রো জোন থেকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বিভাগ থেকে ফেনী আলিয়া কলিম মাদরাসা, রাজশাহী বিভাগ থেকে বালিয়া পুকুর বিদ্যানিকেতন, রংপুর থেকে দিনাজপুর হাই স্কুল, ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট বিভাগ থেকে ভিক্টোরিয়া হাই স্কুল-মৌলভীবাজার, খুলনা বিভাগ থেকে সম্মিলনি ইনস্টিটিউশন স্কুল-যশোর আর বরিশাল বিভাগ থেকে জাতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
২১ এবং ২২ জুন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। একই ভেন্যুতে ২৪ জুন সেমিফাইনাল ও ২৭ জুন ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ২১ জুন অনুষ্ঠিত হবে দুটি কোয়ার্টার ফাইনাল। প্রথমটিতে খুলনা বিভাগের বিপক্ষে লড়বে রংপুর, দ্বিতীয়টিতে সিলেট বিভাগ মোকাবেলা করবে বরিশালের।
আর ২২ জুনের প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী এবং দ্বিতীয়টিতে ঢাকা বিভাগ খেলবে ঢাকা মেট্রোর বিপক্ষে।


