শুরু হয়েছে বজ্রপাতের মৌসুম। শনিবার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের হতভাগ্য যুবক দারদার মিয়া বজ্রপাত কবলিত হয়ে অসহায় মৃত্যুবরণ করেছে। এই মৌসুমের প্রথম বজ্রপাতজনিত মৃত্যু এটি। সংখ্যাটি মৌসুম শেষে কোথায় গিয়ে ঠেকে তা বলা মুশকিল। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে বুঝা যায় বজ্রপাতজনিত করুণ মৃত্যুর সংখ্যার ভার অনেক বইতে হবে আমাদের। হাওর অঞ্চলের সবচাইতে বড় প্রাণঘাতি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো বজ্রপাত। হাওরের বিশাল খোলা অঞ্চলে খেটে খাওয়া মানুষের প্রাণ কেড়ে নেয় এই সংহারী প্রাকৃতিক দুর্যোগটি। অসহায়ভাবে মৃত্যুর মিছিল প্রত্যক্ষ করা ছাড়া আর কোন উপায় এখন পর্যন্ত দেখতে পাওয়া যায় নি। তাই বজ্রপাতের মৌসুম শুরু হতেই হাওরের মানুষের বুকে এক অজানা আতংক নেমে আসে। হাওরে কাজে বেরোবার আগে দুশ্চিন্তায় থাকেন স্বজনরা। ঘরে না ফিরা পর্যন্ত ওই দুশ্চিন্তার অবসান ঘটে না। হাওরে কাজের প্রয়োজনে না বেরিয়েও কোন উপায় থাকে না কৃষক, দিনমজুর ও জেলে সম্প্রদায়ের। নিজেদের জীবিকার তাগিদেই মৃত্যুভয় নিয়েই ঘর থেকে প্রতিদিন বেরোতে হয় তাদের। একবিংশ শতাব্দির এই বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে মানব সম্প্রদায় প্রকৃতির সংহারী মূর্তির কাছে কতোটা অসহায় বজ্রপাত সেটি সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
বজ্রপাত নামক এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রস্তুতি আমাদের খুব কম। এ নিয়ে উচ্চতর গবেষণা হচ্ছে বলেও আমাদের জানা নেই। বিচ্ছিন্নভাবে এটা-ওটা বলা হলেও সার্বিকভাবে বজ্রপাত থেকে রেহাই পেতে কী করতে হবে সেই ধরনের কোন গুচ্ছ পরামর্শ পাওয়া যায় নি আজ পর্যন্ত। কিন্তু উৎপাদন ও জীবিকার প্রয়োজনে যেসব মেহনতি মানুষকে বজ্রপাত মৌসুমে বাইরে আসতে হয় তাদের জীবনের নিরাপত্তা চিন্তা করে নিষ্ঠুর এই দুর্যোগ নিয়ে অতিমাত্রায় সচেতন হওয়া প্রয়োজন। সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় নিয়ে এসেছেন। অগ্রগতি এই পর্যন্তই। যা দরকার ছিলো তা হলো বজ্রপাতনিরোধী উপায় উদ্ভাবনের লক্ষ্যে কাজ করে যাওয়া। এমন কিছু পোশাক যা সহজেই মানুষ নিজের গায়ে চাপিয়ে কাজ করতে পারেন, ওই পোশাকটি হবে বজ্রপাত নিরোধী; এমন প্রতিরোধী পোশাক আবিষ্কারে মনোনিবেশ করা উচিৎ গবেষকদের। একই সাথে হাওরাঞ্চলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা দরকার। অন্যকোন অনুষঙ্গ রয়েছে কিনা বজ্রপাত বেড়ে যাওয়ার, তাও খুঁজে বের করা দরকার। বলা হয়, মোবাইল টাওয়ার বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ। এই বলার পিছনে কোন বৈজ্ঞানিক কারণ রয়েছে কিনা সেটি পরিষ্কার হওয়া উচিৎ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে বজ্রপাতের সম্পর্কটি নিরূপিত হওয়া উচিৎ। বজ্রপাতে নিহত-আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার নিশ্চিত ব্যবস্থা গড়ে তোলাটাও জরুরি। এতোগুলো জরুরি কাজ করা উচিত আমাদের দেশের গরিব মানুষের জীবনের নিরাপত্তা বিধানের জন্য। ভয়ে যদি মানুষ হাওরে-নদীতে যাওয়া বন্ধ করে দেয় তাহলে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় যে ভয়াবহ সংকট নেমে আসবে সেটি চিন্তা করেছেন কি কেউ? আমাদের চিরায়ত উৎপাদন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে বজ্রপাতজনিত মৃত্যুকে নিয়ন্ত্রণে আনতেই হবে। বিজ্ঞানের উৎকর্ষতার যুগে এ থেকে পরিত্রাণের কোন পথ খুঁজে পাওয়া যাবে না, বর্তমান সভ্যতা তা কখনও মানবে না।
তাহিরপুরে নিহত হতভাগ্য দারদার মিয়ার পরিবারের প্রতি আমাদের অশেষ সহানুভূতি রইলো। সরকারের নিকট আমাদের দাবি এই বিত্তহীন পরিবারে সহায়তার হাত সম্প্রসারণ করুন। হাওরাঞ্চলের মানুষের প্রতি আমাদের আবেদন, সাবধানে থাকুন। আকাশের অবস্থা দেখে কাজে যান। জীবনকে বাঁচিয়ে উৎপাদন ব্যবস্থাকে সচল রাখুন।
- জগন্নাথপুরে শ্রীশ্রী কৃষ্ণের গোষ্ট বিহারে বার্ষিকী মহোৎসব পালিত
- সন্তানের মুক্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

