সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে অভয়াশ্রম ও বিল শেলো মেশিন দিয়ে শুকিয়ে মাছের বংশ ধ্বংস করার অভিযোগে অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে চাতল উদয়তারা জলমহালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা রায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ডিজেল চালিত মেশিন জব্ধ করা হয়। সেই সাথে বিলের খলা ঘর ধ্বংস, মাছের কারেট ধ্বংস এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ৫ হাজার ৬০০ টাকা মূল্যে নিলাম প্রদান করেন।
অভিযানকালে থানা পুলিশের সহযোগিতায় অভিযানে বিপুল পরিমান বিলুপ্ত প্রজাতির দেশিয় মাছ উদ্ধার ও মাছ নিয়ে পালিয়ে যাওয়া সময় একজনকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার কৃত প্রায় ৫০ কেজি মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা রায় জানান, এই জলমহালের ইজারাদারকে বার বার নিষেধ দেওয়ার পরও প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে ডিজেল মেশিন লাগিয়ে পানি শুকিয়ে মৎস্য নিধন করেছে। খবর পেয়ে আজ অভিযান পরিচালনা করেছি। বিলটি ইউনিয়ন তফসিলদারকে দখল বুঝিয়ে দিয়ে এসেছি। আবারও বিল শুকানোর পায়তারা করে তাহলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।


