শ্রমিক লীগের নেতার জামিন না মঞ্জুর/ রিমান্ডের আবেদনও খারিজ

স্টাফ রিপোর্টার
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে পুলিশের ১০ দিনের রিমান্ডের আবেদনও খারিজ করেছেন আদালত। আদালত তদন্তকারী কর্মকর্তাকে জেল গেটে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ভোরে শহরের হাসননগরের বাসভবন থেকে পুলিশ সেলিম আহমদকে গ্রেপ্তার করে। পরে একই দিনে বিকালে সুনামগঞ্জ বিচারালয়ের তাহিরপুর আদালতের বিচারক জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিনের আদালতে সেলিমকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। একইসঙ্গে সেলিমের পক্ষেও জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালত বুধবার দুই আবেদনেরই শুনানীর দিন ধার্য্য করেন।
বুধবার দুপুরে দুই আবেদনের শুনানী শেষে জামিনের আবেদন না মঞ্জুর এবং রিমান্ডের আবেদনও না মঞ্জুর করেন আদালত। তবে কারাগার গেটে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে বলা হয়েছে, সাত কার্যদিবসের মধ্যে অবশ্যই পুলিশকে প্রতিবেদন জমা দিতে হবে।
কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানালেন, আদালত সেলিম আহমদের জামিনের আবেদন না মঞ্জুর করেছেন। পুলিশ হেফাজতে রিমান্ডের আবেদন না মঞ্জুর করে জেল গেটে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
গত ১২ আগস্ট সুনামগঞ্জ শহরের হাসননগরের বাসিন্দা অলিউর রহমান বাদী হয়ে সেলিম আহমদের চাচাতো ভাই তারেক আহমদ, মোর্শেদ আলম, তানভির আহমদ, সোহাগ, লতিফ, পলাশ, আব্দুল হকের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জন আসামী দিয়ে তাহিরপুর থানায় অপহরণ করে হত্যার প্রচেষ্টা এবং চাঁদাবাজির মামলা দায়ের করেন। বাদী অলিউর রহমান জেলা যুবদলের বর্তমান কমিটির সহ সভাপতি।
এদিকে সম্প্রতি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন দলের উর্ধ্বতনরা। এই সম্মেলনে সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী সেলিম। সোমবার তাহিরপুরে জাতীয় শোক দিবসে দলীয় কর্মসূচি পালন হয়েছে দুইভাগে বিভক্ত হয়ে। একপক্ষের প্রধান সংগঠক ছিলেন সেলিম আহমদ। এই সমাবেশকে ঘিরে প্রকাশ্যে বিভক্ত হয় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা ছাত্রলীগের সাধারণের সম্পাদক সাঈদুর রহমান বুধবার দাবি করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেলিম আহমদকে মামলায় জড়ানো হয়েছে।
সেলিমের বড় ভাই ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনও দাবি করে আসছেন, রাজনৈতিক প্রতিহিংসাবসত তার ভাইকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।