ষোলঘরের কালাচাঁন মন্দিরে চুরি

স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘর আবাসিক এলাকার শ্রী শ্রী কালাচাঁন ও গোপাল জিউড় মন্দিরে বুধবার রাতে চুরি হয়েছে। চোরেরা পিতলের মূর্তিসহ প্রায় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
মন্দিরের সেবায়েত রাজশ্যাম গোপাল দাস জানান, প্রতিদিনের মতো রাত অনুমান ৯ টায় পূজা শেষ করে ঘুমাতে যান তারা। রাত ৩ টার দিকে মন্দিরে গিয়ে দেখেন দক্ষিণের দরজার তালা ভাঙা, মন্দিরের দরজার সামনে আঘাত করা যায় এমন শক্ত শক্ত ডাল-বাঁশ রাখা। ভেতরে রাখা পিতলের গৌর নিতাইয়ের ২ সেট বিগ্রহ, পিতলের ২ টি থালা, দুটি গ্লাস এবং ১২ টি বাটি, ২ টি ত্রিপদি, ২ টি শঙ্খ, ৪ টি ঝাঁজ, ৪ টি পঞ্চ প্রদীপ এবং দুটি দা’সহ পূজা অর্চনার সরঞ্জামাদি চুরি হয়েছে।
রাজশ্যাম গোপাল দাস জানান, আনুমানিক এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, মন্দিরে চুরির খবর পেয়ে সকালেই পুলিশ পাঠানো হয়। থানায় এ ব্যাপারে জিডি নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
প্রসঙ্গত. এই মন্দিরটির দেখভালের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)।