স্টাফ রিপোর্টার
দুর্যোগ-দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও ফায়ার ব্রিগেডের আয়োজনে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
ভূমিকম্প ও অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায় করণীয়, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ, সড়ক, নৌ ও রেল দুর্ঘটনাসহ সকল দুর্ঘটনায় আহতদের উদ্ধার, ভূমি ধ্বস ও বিধ্বস্থ ভবনের নিচে চাপা পড়া মানুষকে অনুসন্ধান ও উদ্ধার কার্য পরিচালনা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, অ্যাম্বুলেন্সে রোগী বহন ইত্যাদি মহড়া প্রদর্শিত হয়। এ ছাড়াও দূর্যোগের পূর্বাভাসে মাইকিং করে মানুষকে সচেতন করে তোলা বিষয়ে মহড়া দেয়া হয়।
মহড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, প্রবীণ রাজনীতিবিদ আ.ত.ম. সালেহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়, রেডক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, নারী নেত্রী শীলা রায়, জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সিলেট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম, সুনামগঞ্জের ষ্টেশন কর্মকর্তা মো. এমদাদুল হক, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান, কেয়ার বাংলাদেশ অফিস ম্যানেজার যুবেদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
মহড়া শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


