ষোলঘর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা কোহিনূরের বিরুদ্ধে ১২ সহকর্মীর অভিযোগ

স্টাফ রিপোর্টার
শহরের প্রাচীন ও স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগমের বিরুদ্ধে এবার নিজ বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা সোচ্চার হয়েছেন। ২৪ অক্টোবর বিদ্যালয়ের ১২ জন সহকারি শিক্ষক কোহিনুর বেগমের নানা ধরনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এই অভিযোগপত্রের অনুলিপি জেলা প্রশাসক, সুনামগঞ্জ, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ পরিচালক, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে দেয়া হয়েছে। অভিযোগকারী সহকারী শিক্ষকগণ হলেন, অসীমা রায় চৌধুরী, মীনা রানী পুরকায়স্থ, জোৎস্না আক্তার, কুসুম রানী দাস, তামান্না আক্তার, রুনা লস্কর, আজিজুন নেছা, আয়েশা খাতুন, শাহিমা খাতুন, সুমি দেব, তাহমিনা আক্তার ও জেবুন নেছা পলি।
অভিযোগপত্রে অভিযোগকারীগণ প্রধান শিক্ষক কোহিনুর বেগমের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের শারীরিক নির্যাতন, ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, স্লিপ প্রকল্পের টাকা আত্মসাৎ, প্রাক প্রাথমিকের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, ইসিএল’র টাকা আত্মসাৎ, রুটিন মেরামতের টাকা নিয়ে অনিয়ম, ছাত্রীদের পোশাক বানানো    নিয়ে অনিয়ম ও কমিশন গ্রহণ, ইচ্ছামাফিক বিদ্যালয়ে আসা-যাওয়া ও শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়া, বিদ্যালয়ের দপ্তরিকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো, সহকর্মীদের সাথে রূঢ় আচরণসহ সনদপত্র দেয়ার সময় টাকা নেয়ার অভিযোগ এনেছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজের বরাদ্দ ৩০ হাজার টাকার মধ্যে ১০/১২ হাজার টাকা ব্যয় করে অবশিষ্ট টাকা প্রধান শিক্ষক কোহিনুর বেগম আত্মসাৎ করেছেন। একইভাবে স্লিপ প্রকল্পের ৬০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা খরচ করে অবশিষ্ট অর্থ, প্রাক প্রাথমিকের ১০ হাজার টাকা, ইসিএল প্রকল্পের ৮ হাজার টাকা, রুটিন মেরামতের ৫ হাজার টাকা খরচ সম্পর্কে সহকারি শিক্ষকগণ কিছুই অবগত নন। এছাড়া তিনি বিদ্যালয়ের ছাত্রীদের স্কুল ড্রেসের নামে ১ হাজার টাকা করে আদায় করেন এবং নির্ধারিত টেইলারের মাধ্যমে ওই ড্রেস তৈরিতে বাধ্য করেন। সমাপনী পরীক্ষা পাসের প্রশংসাপত্রের জন্য ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করেন।
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। এসব অভিযোগ সঠিক নয়। আমি সরকারি নিয়ম মেনে সঠিকভাবেই সকল কাজ করে যাচ্ছি।’
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী বলেন, ‘ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগমের বিরুদ্ধে নানা অনিম-দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা (সুনামগঞ্জ সদরের বাহিরের) কে দিয়ে আমরা খুব দ্রুতই তদন্ত করাব। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’