স্টাফ রিপোর্টার
পৌর এলাকার ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ করেন কয়েক’শ শিক্ষার্থী ও অভিভাবক। এসময় সুনামগঞ্জ শহর থেকে শহরতলির
মোহাম্মদপুর, আমবাড়ি, দোয়ারাবাজার ও ছাতক উপজেলাগামী পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলার ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে নেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী অভিভাবক তানিমা বেগম জানান, প্রধান শিক্ষক কুহিনুর বেগম ছাত্র-অভিভাবক, সহকর্মী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সুযোগ পেলেই তিনি দুর্নীতি করেন। একটি টেইলার্সের নাম দিয়ে শিক্ষার্থীদের ওখানে স্কুল ড্রেস তৈরির নির্দেশ দেন। শিক্ষার্থীদের কেউ ঐ টেইলার্সে না বানালে মারপিট করেন। বিক্ষোভকারী অন্যান্যরাও একই অভিযোগ জানান।
বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী হৃদয় বর্মণ জানান, প্রধান শিক্ষক তার স্কুলড্রেস কোথা থেকে বানানো হয়েছে শরীর থেকে খুলে দেখেছেন।
শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক সামান্য কিছুতেই বড় বেত দিয়ে মারপিট শুরু করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুহিনুর বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী সবকিছু হচ্ছে। দুর্নীতির অভিযোগ সঠিক নয়।
প্রসঙ্গত. সম্প্রতি ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।


