সংবাদ সম্মেলনে ফখরুল হত্যাকান্ডের পেছনে ক্ষমতাসীনদের ইন্ধন

সু.খবর ডেস্ক
কয়েক মাস ধরে দেশে যেসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তার সঙ্গে ক্ষমতাসীনদের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ‘অধিকাংশ হত্যাকান্ড প্রকাশ্য দিবালোকে ঘটেছে।  এসব নারকীয় হত্যাকান্ডের কোনো হদিস বের করতে না পেরে, চরমভাবে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর এগুলোর দায় চাপাচ্ছেন। এসব নিখুঁত হত্যাকান্ড সংগঠিত হওয়া  এবং এগুলো সংগঠনকারীদের লাপাত্তা হয়ে যাওয়া রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাসীনদের ইঙ্গিত না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতে পারে বলে আমরা বিশ্বাস করি না।’
বুধবার দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে সম্প্রতি দেশে হত্যাকান্ডের সঙ্গে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে উসকানিমূলক, অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে জঙ্গিরা আরো সংগঠিত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন বাংলাদেশে আইএসের (ইসলামিক স্টেট) উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, তখন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশে জঙ্গিদের উপস্থিতি নেই।’
‘প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিসহ বিরোধীদলীয় নেতারা এ ধরনের জঙ্গি হামলার সঙ্গে জড়িত আছেন। সরকারের এক মন্ত্রী বলছেন, বিদেশি গোয়েন্দা সংস্থা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত। আবার কিছুদিন আগে গোয়েন্দা প্রধান বলেছিলেন, এসব প্রাণঘাতী হত্যাকান্ডের সঙ্গে জঙ্গিবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবি জড়িত। ক্ষমতাসীনদের এ ধরনের বক্তব্য পরস্পরবিরোধী। সুতরাং প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করার উদ্দেশ্যে বিরোধী দলগুলোর ওপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করাটা তাদের আসল উদ্দেশ্যে।’     
এসব হত্যাকান্ডের প্রকৃত তথ্য আড়াল করার জন্য হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের পর ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।