সংস্কার কাজে ধীরগতির প্রতিবাদে সড়ক অবরোধ

ছাতক প্রতিনিধি
ছাতকে সড়ক সংস্কার কাজ ধীর গতিতে চলার প্রতিবাদে বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার দুপুরে শহরের সাব রেজিস্ট্রার অফিসের সামনে স্থানীয় লোকজন সড়কের দু’পাশে বাঁশ বেধে অবরোধ সৃষ্টি করে। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে মাল ও যাত্রীবাহী ছোট-বড় শতাধিক যানবাহন পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সিএনজি স্টেশন পয়েন্ট থেকে লাফার্জ ফেরিঘাট পর্যন্ত সড়ক সংস্কারের অভাবে সড়কে যাতায়াতকারী জনসাধারন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করে আসছিল। বিশেষ করে রেলওয়ে সড়কের সংযোগ থেকে সিএনজি স্টেশন পর্যন্ত প্রায় ৪ শ’ গজ সড়কের অবস্থা ছিল বেহাল। সড়কে ওই অংশের মধ্যে উপজেলা পরিষদ, সাবে রেজিষ্ট্রার অফিস, বাউবি, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন অফিস, যুব উন্নয়ন অফিস, সূর্যের হাসি ক্লিনিক, সরকারি খাদ্য গোদামসহ সরকারি-বেসরকারি কার্যলায় অবস্থিত। এছাড়া ছাতক সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ওই সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয়। বিশেষ করে লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার সকল ভারি যানবাহন এবং দোয়ারাহামী গাড়ি এটিই প্রধান সড়ক। যানচলাচলে প্রায় অনুপযোগী এ সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় লোকজন একাধিবার বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালন করেছে। সম্প্রতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করলে স্থানীয় লোকজনের মধ্যে ফিরে আসে স্বস্তি। কিন্তু সংস্কার কাজের ধীরগতির কারণে আবারো নতুন করে দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দারা। সংস্কার কাজ শুরুর পর সড়কের মাটি, বালি-কংক্রিট ফেলার পর সংশ্লিষ্ট ঠিকাদার আর কোন কাজ না করেনি। এদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি জমে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
কাজের ধীরগতির প্রতিবাদে এবং দ্রুত সংস্কার শেষ করার দাবিতে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী জানান, দীর্ঘদিন জনদুর্ভোগের পর সড়ক সংস্কারের কাজ শুরু হলেও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের নি¤œমানের কাজ ও খাম খেয়ালিপনায় এলাকাবাসীর দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে।
সংস্কার কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী শিপন জানান, বৃষ্টির কারণে কাজে বিলম্ব হচ্ছে। আশা করছি দু’একদিনের মধ্যে পুরো দমে কাজ শুরু করা হবে।
ছাতক সড়ক ও জনপথ উপ-বিভাগীয় কার্যালয়ের (এসডিই) কাজী নজরুল ইসলাম জানান, সড়কের এ কাজের জন্য নিয়মিতই তদারকি চলছে। টানা বৃষ্টির কারণে কাজে বিলম্ব হচ্ছে।