দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর বই বিক্রির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ক্রয় বিক্রয় নিষিদ্ধ এ বই বিক্রির মূল হোতা মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সৈয়দ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দক্ষিণ সুনামগঞ্জে সিএনজিতে করে বিপুল পরিমাণ ক্রয় বিক্রয় নিষিদ্ধ প্রাথমিক বিদ্যালয়ের বই সুনামগঞ্জের সদরের মুক্তারপাড়া রোডস্থ ভাঙ্গারীর দোকানে বিক্রয় করতে যান মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সৈয়দ। এসময় স্থানীয় জনতা বিক্রয় নিষিদ্ধ বই বিক্রির বিষয়ে শিক্ষক আবু সৈয়দকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার পরিচয় গোপন রেখে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাঞ্জব আলী বলে নিজের পরিচয় দেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জেলা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিপংকর তঞ্চঙ্গার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষক আবু সৈয়দকে বিপুল পরিমাণ বই সহ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) সাবেরা আক্তারের কার্যালয়ে উপস্থিত করলে সতর্ক করে তাকে ছেড়ে দেয়া হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেক ঘটনার সত্যতা স্বীকার করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়েছে। আর কিছু আমি জানি না।


